Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : বিতর্কের আড়ালে কাঠামোগত সংকট

Icon

মোহাম্মদ জসিম উদ্দিন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : বিতর্কের আড়ালে কাঠামোগত সংকট

Advertisement

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলামের একটি বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তার ব্যাখ্যাও দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেকেই এ নিয়ে মত দিয়েছেন। কিন্তু আলোচনাটি যে খাতে বইছে-কে বড়, কে ছোট, কার যোগ্যতা কতটুকু-সেটি প্রকৃত প্রশ্নটিকেই আড়াল করে দিচ্ছে। প্রশ্নটি মর্যাদার নয়, কাঠামোর। উপাচার্য যা বলতে চেয়েছেন বলে অনুমান করা যায়, তা ব্যক্তির সামর্থ্য নিয়ে অভিযোগ নয়; বরং একটি প্রাতিষ্ঠানিক রূপান্তরের কঠিন বাস্তবতার স্বীকারোক্তি। উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরের পাঠদান থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় উত্তরণের জন্য যে ভিন্ন ধরনের প্রস্তুতি, প্রশিক্ষণ ও কর্মসংস্কৃতি দরকার, সেটি স্বীকার করা কাউকে খাটো করা নয়।

কেননা বিশ্ববিদ্যালয় ও কলেজ-দুটি সম্পূর্ণ ভিন্ন জ্ঞানতাত্ত্বিক প্রতিষ্ঠান। উইলহেল্ম ফন হুমবোল্ট আধুনিক বিশ্ববিদ্যালয়ের যে ধারণা দিয়েছিলেন, তার কেন্দ্রে ছিল পাঠদান ও গবেষণার অবিচ্ছেদ্যতা এবং শিক্ষক-শিক্ষার্থীর যৌথ জ্ঞান-অনুসন্ধান। জন হেনরি নিউম্যানের ধারণায় বিশ্ববিদ্যালয় ছিল জ্ঞানের সঞ্চালনক্ষেত্র, আর ক্লার্ক কারের বিশ্লেষণে আধুনিক বিশ্ববিদ্যালয় বহুমাত্রিক এক প্রতিষ্ঠান-যেখানে শিক্ষাদান শুধু একটি কাজ, একমাত্র কাজ নয়। একটি পিএইচডি বা এমফিল তত্ত্বাবধান, পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশনা, কোর্সওয়ার্ক পরিচালনা, গবেষণা প্রস্তাবনা মূল্যায়ন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ কার্যক্রম-এগুলো পাঠদানের পরের ধাপ, বাড়তি কাজ নয়, বরং পেশাটির সংজ্ঞার অংশ। এ কাজগুলোর জন্য সময়, অবকাঠামো, তহবিল ও প্রশাসনিক স্বাধীনতা লাগে। উপাচার্য মূলত এ ওয়ার্কলোডের কথাই বলেছেন। পিয়ের বুর্দিয়ু যাকে ‘একাডেমিক ক্ষেত্র’ বলেছেন, সেখানে প্রতীকী পুঁজি অর্জিত হয় প্রকাশনা, তত্ত্বাবধান ও পাণ্ডিত্যিক স্বীকৃতির মধ্য দিয়ে; আর আমলাতান্ত্রিক ক্ষেত্রে তা অর্জিত হয় পদসোপান ও জ্যেষ্ঠতার মধ্য দিয়ে। দুটি ক্ষেত্রের মুদ্রা আলাদা বলেই একটির মানদণ্ডে অন্যটিকে মাপা অর্থহীন-এবং সেখানেই বর্তমান বিতর্কের মূল ভ্রান্তি।

সমস্যাটি ঐতিহাসিক। উপমহাদেশে ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত অ্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয়ের আদল ছিল লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে গড়া একটি পরীক্ষা-নিয়ন্ত্রক সংস্থা-যার কাজ ছিল সিলেবাস নির্ধারণ, পরীক্ষা গ্রহণ ও সনদ প্রদান, জ্ঞান উৎপাদন নয়। ঔপনিবেশিক প্রশাসনের কেরানি ও মধ্যস্তরের কর্মী তৈরির জন্য এ মডেল যথেষ্ট ছিল। স্বাধীনতার পরও আমরা সেই কাঠামো ভাঙতে পারিনি; ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় গঠনের মধ্য দিয়ে বরং তাকে বিশাল আকারে পুনরুৎপাদন করেছি। রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি কলেজগুলোকে নিয়ে গড়া নতুন বিশ্ববিদ্যালয়টিও উত্তরাধিকারসূত্রে সেই একই অ্যাফিলিয়েটিং কাঠামো পেয়েছে। নাম বদলেছে, নিয়ন্ত্রক বদলেছে, কিন্তু জ্ঞানতাত্ত্বিক চরিত্র বদলায়নি। এ কারণেই প্রতিষ্ঠানটি এখন কার্যত একটি আপৎকালীন শিক্ষাহাব-বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভর্তি, পরীক্ষা ও সনদ ব্যবস্থাপনার কেন্দ্র, গবেষণার আবাস নয়।

এর সঙ্গে যুক্ত হয়েছে কর্তৃত্বের দ্বৈধতা। সংযুক্ত কলেজগুলোর নিজস্ব আইনগত ও একাডেমিক সত্তা নেই; তারা কেন্দ্রনির্ভর। অথচ কলেজের শিক্ষকরা সরকারি কর্মচারী-তাদের নিয়োগ, পদোন্নতি, বদলি ও শৃঙ্খলা নিয়ন্ত্রিত হয় মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নয়। ফলে বিশ্ববিদ্যালয়ের হাতে একাডেমিক দায়িত্ব আছে, কিন্তু প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই; আর শিক্ষকের হাতে পাঠদানের দায়িত্ব আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে জবাবদিহি নেই। বার্টন ক্লার্ক উচ্চশিক্ষার সমন্বয়ব্যবস্থাকে রাষ্ট্রীয় কর্তৃত্ব, একাডেমিক কর্তৃত্ব ও বাজার-এই তিন শক্তির ত্রিভুজ হিসাবে দেখিয়েছিলেন। আমাদের ক্ষেত্রে ত্রিভুজটি একদিকে হেলে আছে : রাষ্ট্রীয় আমলাতান্ত্রিক কর্তৃত্ব প্রায় সম্পূর্ণ, একাডেমিক কর্তৃত্ব প্রায় অনুপস্থিত। এ অবস্থায় শিক্ষকের ব্যক্তিগত যোগ্যতা যত বেশিই হোক, প্রাতিষ্ঠানিক ফলাফল বদলায় না। বাংলাদেশের কলেজগুলোতে অত্যন্ত যোগ্য, নিবেদিত ও গবেষণাপ্রবণ বহু শিক্ষক আছেন-এ কথা অস্বীকার করার প্রশ্নই ওঠে না। কিন্তু ব্যক্তি যা পারেন, কাঠামো তা ধারণ করতে পারে কি না, সেটিই প্রশ্ন। বাস্তব সীমাবদ্ধতাগুলোও স্পষ্ট। শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত অনেক ক্ষেত্রে এক অঙ্কের বদলে তিন অঙ্কে পৌঁছে যায়। গবেষণাগার, সাময়িকীর ডেটাবেস সাবস্ক্রিপশন, গবেষণা সহকারী, বীজ-অনুদান, স্যাবাটিক্যাল ছুটি, সম্মেলনে অংশগ্রহণের তহবিল-উচ্চশিক্ষার এ ন্যূনতম পরিকাঠামো বেশির ভাগ কলেজে অনুপস্থিত। স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা তত্ত্বাবধানের জন্য যে সংখ্যক প্রশিক্ষিত তত্ত্বাবধায়ক দরকার, তা-ও নেই। এ বাস্তবতায় ‘বিশ্ববিদ্যালয়ের মান বজায় রেখে শিক্ষা ও গবেষণা চলছে’ বলা অসত্য ভাষণ হবে; আর ‘চালানো সম্ভব’ বলাটা হবে আত্মপ্রতারণা। ইন্টার্নশিপ, ফিল্ডওয়ার্ক, ক্যাপস্টোন প্রকল্প, আন্তঃবিভাগীয় ইলেকটিভ কিংবা ক্রেডিট স্থানান্তরের মতো সমকালীন উপাদানগুলো এ কাঠামোয় প্রায় অসম্ভব। কারণ এসবের জন্য প্রতিষ্ঠানভিত্তিক নমনীয়তা লাগে, কেন্দ্রীয় অভিন্নতা নয়। অভিন্নতা প্রশাসনিক সুবিধা দেয়, কিন্তু শিক্ষার গুণগত বৈচিত্র্য কেড়ে নেয়। উদ্যোগ নেওয়ার অবকাশও সীমিত-যে শিক্ষক সপ্তাহে বিপুল ক্লাসভার, পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব ও প্রশাসনিক কাজ সামলান, তার কাছ থেকে পাঠক্রম-উদ্ভাবন প্রত্যাশা করা অন্যায়।

সবচেয়ে গুরুতর সংকটটি অবশ্য শিক্ষাক্রমে। বিশ্বজুড়ে উচ্চশিক্ষা এখন আউটকাম-বেজড এডুকেশন বা ওবিই কাঠামোয় পরিচালিত, যার ভিত্তি উইলিয়াম স্প্যাডির শিখনফলকেন্দ্রিক নকশা এবং জন বিগসের কনস্ট্রাক্টিভ অ্যালাইনমেন্ট-অর্থাৎ শিখনফল, পাঠদান-কৌশল ও মূল্যায়নের পারস্পরিক সংগতি। ওবিই মানে শুধু সিলেবাসের শুরুতে কয়েকটি শিখনফল লিখে দেওয়া নয়। এর জন্য প্রোগ্রাম লার্নিং আউটকাম ও কোর্স লার্নিং আউটকামের ম্যাপিং, ধারাবাহিক গঠনমূলক মূল্যায়ন, রুব্রিকভিত্তিক নম্বরায়ন, বাহ্যিক মডারেশন এবং সর্বোপরি ‘ক্লোজিং দ্য লুপ’-অর্থাৎ ফলাফল বিশ্লেষণ করে পরের বছর কোর্স সংশোধন-আবশ্যক। এ চক্রটি তখনই ঘোরে যখন যিনি পড়ান, তিনিই কারিকুলাম নকশা ও মূল্যায়নের কর্তৃত্ব রাখেন। অ্যাফিলিয়েটিং মডেলে ঠিক এই দুটি জিনিস আলাদা করে ফেলা হয়েছে : সিলেবাস তৈরি হয় কেন্দ্রে, পরীক্ষা হয় কেন্দ্রে, খাতা মূল্যায়ন হয় নৈর্ব্যক্তিক দূরত্বে, আর পাঠদান হয় কলেজে। ফলে ওবিই এখানে শিক্ষাদর্শন নয়, নথিপত্রের আনুষ্ঠানিকতা-অ্যাক্রেডিটেশনের ফাইলে যা লেখা থাকে, শ্রেণিকক্ষে তার প্রতিফলন থাকে না। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠিত হয়েছে ২০১৭ সালের আইনে, কিন্তু গুণমান নিশ্চিতকরণের কাঠামো শুধু তখনই কাজ করে যখন প্রতিষ্ঠানের হাতে সংশোধনের ক্ষমতা থাকে। ক্ষমতাহীন প্রতিষ্ঠানকে জবাবদিহি করতে বলা অর্থহীন। তাহলে করণীয় কী? প্রথমত, সদ্য প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য ও উদ্দেশ্য নতুন করে স্থির করা দরকার-এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ছোট সংস্করণ হবে, না কি একটি সমন্বিত, গবেষণামুখী নগর-বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়ত, অ্যাফিলিয়েটিং মডেল থেকে ধাপে ধাপে কনস্টিটুয়েন্ট বা অঙ্গীভূত কলেজ মডেলে যাওয়া-যেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের অংশ, বাইরের গ্রাহক নয়। তৃতীয়ত, শিক্ষকদের একাডেমিক জবাবদিহি বিশ্ববিদ্যালয়ের কাছে স্থানান্তর-প্রয়োজনে যৌথ নিয়োগ বা প্রেষণের নতুন বিধি করে। চতুর্থত, প্রতিটি কলেজে কার্যকর আইকিউএসি, বাধ্যতামূলক শিক্ষক পেশাগত উন্নয়ন কর্মসূচি, গবেষণা বীজ-তহবিল এবং কেন্দ্রীয় ডিজিটাল লাইব্রেরি সাবস্ক্রিপশন। পঞ্চমত, সক্ষমতা অর্জনকারী কলেজগুলোকে পর্যায়ক্রমে শিক্ষাক্রম প্রণয়ন ও অভ্যন্তরীণ মূল্যায়নের স্বায়ত্তশাসন দেওয়া-ভারতের অটোনমাস কলেজ অভিজ্ঞতা এখানে বিবেচনায় নেওয়া যেতে পারে। বিশ্ববিদ্যালয় তখন পরীক্ষা-বোর্ড না থেকে একাডেমিক কর্তৃপক্ষে পরিণত হবে।

শেষ কথা মর্যাদা প্রসঙ্গে। কারা ‘বাই চয়েস’ আর কারা ‘বাই অ্যাক্সিডেন্ট’ শিক্ষক হয়েছেন, সেই তুলনা অনুৎপাদনশীল এবং শিক্ষকসুলভও নয়। রণে বার্নেট যাকে উচ্চশিক্ষার আত্মপরিচয়ের সংকট বলেছেন, তার সমাধান পারস্পরিক অবজ্ঞায় হয় না। আমাদের ফেসবুক পরিসরে শিক্ষার্থী ও সমাজের অন্যান্য পেশার মানুষ আছেন; সেখানে পেশাগত কলহ প্রদর্শন করে আমরা সবচেয়ে বেশি ক্ষতি করি নিজেদেরই, কারণ এ পেশায় সম্মানই একমাত্র পুঁজি। প্রাতিষ্ঠানিক সমালোচনা আর ব্যক্তিগত অবমাননা এক জিনিস নয়-এ পার্থক্যটুকু ধরতে না পারলে যে কোনো সংস্কার-আলোচনাই আত্মরক্ষার চিৎকারে পরিণত হয়। কর্তৃপক্ষের ব্যাখ্যার পর এ বিতর্ক দীর্ঘায়িত না করে আলোচনাটি সেদিকেই যাওয়া উচিত, যেখানে প্রশ্নটি আসল : একটি নতুন বিশ্ববিদ্যালয়কে কীভাবে সত্যিকারের বিশ্ববিদ্যালয় করে তোলা যায়।

মোহাম্মদ জসিম উদ্দিন : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইনশৃঙ্খলার উন্নয়নে নাগরিকমুখী পুলিশের রূপরেখা

আইনশৃঙ্খলার উন্নয়নে নাগরিকমুখী পুলিশের রূপরেখা

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের জাতীয় ভূমিকা পুনর্বিবেচনা

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের জাতীয় ভূমিকা পুনর্বিবেচনা

ইতিহাসের ক্রন্দন ও উপকূলের ন্যায্যতা

ইতিহাসের ক্রন্দন ও উপকূলের ন্যায্যতা

অন্যমত অর্থনীতির চালিকাশক্তিগুলোকে কাজে লাগাতে হবে

অর্থনীতির চালিকাশক্তিগুলোকে কাজে লাগাতে হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম