Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

রাজনীতির ঘেরাটোপে ডিপ স্টেট

Icon

ড. লুবনা চৌধুরী

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজনীতির ঘেরাটোপে ডিপ স্টেট

Advertisement

বাংলাদেশের রাজনৈতিক আকাশে আজকাল যেন ভেসে বেড়াচ্ছে ডিপ স্টেট নামে এক রহস্যময় অবয়ব। দৃশ্যমান রাজনীতির মঞ্চে যখন ক্ষমতার পালাবদল ঘটে, তখন নেপথ্যের অদৃশ্যশক্তি ও সূক্ষ্ম পরিকল্পনার প্রশ্ন নতুন করে সামনে আসে; কিন্তু এ অবয়ব কি নিছক রাজনৈতিক কল্পনা, নাকি রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা কোনো বাস্তবতার প্রতিচ্ছবি?

প্রশ্নটি যতটা কৌতূহলোদ্দীপক, উত্তর খোঁজার প্রয়োজনীয়তা ততটাই গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রে সরকার থাকে, সংসদ থাকে, সংবিধান থাকে, নির্বাচন হয়, জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে। টেলিভিশনের পর্দায় মন্ত্রীদের বক্তব্য শোনা যায়, সংবাদপত্রে সরকারি সিদ্ধান্তের খবর ছাপা হয়, সংসদে বিতর্ক চলে। সব মিলিয়ে মনে হয়, রাষ্ট্রের চালকের আসনে যারা বসে আছেন, তারাই সবকিছুর নিয়ন্ত্রক। কিন্তু দৃশ্যমান এ ক্ষমতার বাইরেও কী এমন কোনো শক্তি থাকে, যারা নেপথ্যে বসে কলকাঠি নাড়ে? সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরি করে, কখনো সিদ্ধান্ত বদলে দেয়, এমনকি কখনো ক্ষমতার পালাবদলেও প্রভাব ফেলে?

রাজনীতির ভাষায় এ অদৃশ্য ক্ষমতা কাঠামোকেই বলা হয় ‘ডিপ স্টেট’, বাংলায় যার অর্থ হতে পারে ছায়া রাষ্ট্র, গভীর রাষ্ট্র কিংবা রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র। আর মেটিকিউলাস ডিজাইন বলতে বোঝায় অত্যন্ত সতর্ক, সূক্ষ্ম ও পরিকল্পিত নকশা। ডিপ স্টেট সাধারণত বাইরের কোনো রাষ্ট্র থেকে আমদানি করা রাজনৈতিক ব্যবস্থা নয়। এর শেকড় অনেক সময় দেশের ভেতরেই তৈরি হয়। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু প্রভাবশালী ব্যক্তি, নিরাপত্তা সংস্থার অংশবিশেষ, উচ্চপর্যায়ের আমলাতন্ত্র, অর্থনৈতিক স্বার্থগোষ্ঠী এবং রাজনৈতিক ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহলের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ও স্বার্থের সমন্বয় ঘটলে একটি অনানুষ্ঠানিক ক্ষমতাবলয় তৈরি হতে পারে। ডিপ স্টেটের আলোচনায় মেটিকিউলাস ডিজাইন কথাটি বিশেষভাবে প্রাসঙ্গিক। এ নকশাই ক্ষমতা কাঠামোতে প্রভাব বিস্তারের সূক্ষ্ম কৌশল হিসাবে কাজ করে থাকে। এ নকশার উদ্দেশ্য সবসময় প্রকাশ্য ক্ষমতা দখল করা নয়, বরং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রভাব ধরে রাখা।

আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে ‘ডিপ স্টেট’ বলতে রাষ্ট্রের দৃশ্যমান রাজনৈতিক কাঠামোর বাইরে থাকা এমন প্রভাবশালী নেটওয়ার্ক বা শক্তিকে বোঝনো হয়, যারা নীতিনির্ধারণ, ক্ষমতায় ভারসাম্য কিংবা রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারে। যদিও এ ধারণাটি আধুনিক কিন্তু ক্ষমতার আড়ালে পরিকল্পনা, গোপন সমঝোতা ও শাসক পরিবর্তনের কৌশল ইতিহাসে বহু পুরোনো। ১৭৫৭ সালে অনুষ্ঠিত পলাশীর যুদ্ধ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে সামরিক সংঘর্ষের পাশাপাশি রাজনৈতিক ষড়যন্ত্র ও স্বার্থের সমীকরণ নির্ধায়ক হয়ে উঠেছিল। বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবল যুদ্ধের প্রস্তুতিই নেয়নি, বরং নবাবের সেনাপতি মীরজাফরসহ অসন্তুষ্ট প্রভাবশালী মহলের সঙ্গে গোপন সমঝোতা গড়ে তুলেছিল। কোম্পানির লক্ষ্য ছিল নিজেদের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থরক্ষার অনুকূল শাসক নির্বাচন করা। তাই পলাশীর যুদ্ধে মীরজাফরের নিষ্ক্রিয়তা নবাব বাহিনীর পরাজয়কে ত্বরান্বিত করে। যুদ্ধের ফল শুধু একজন নবাবের পতন ছিল না, এটি বাংলার রাজনৈতিক স্বাধীনতার ক্রমাবসান এবং ব্রিটিশ ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার পথকে সুগম করে। পলাশীর এ ঘটনাকে আধুনিক রাজনৈতিক ভাষায় বিশ্লেষণ করলে একে ‘মেটিকিউলাস ডিজাইন’ বা সূক্ষ্মভাবে পরিকল্পিত ক্ষমতা পরিবর্তনের নকশা হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। অর্থাৎ প্রকাশ্য সংঘর্ষের আগেই প্রতিপক্ষের ভেতরে বিভাজন সৃষ্টি, স্বার্থান্বেষী গোষ্ঠীকে একত্র করে কাঙ্ক্ষিত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা। যদিও সেই সময় ‘ডিপ স্টেট’ ধারণাটি ছিল না, কিন্তু নেপথ্যে থেকে ক্ষমতার ভাগ্য নির্ধারণের কৌশলটি কার্যত বিদ্যমান ছিল।

তবে এটাও ঠিক, রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রেই ডিপ স্টেট থাকে না। বাংলাদেশের জন্ম হয়েছিল জনগণের রক্ত, আত্মত্যাগ ও মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর একটি নতুন রাষ্ট্রগঠনের দায়িত্ব এসে পড়ে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনিক, সামরিক বাহিনী এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর। পাকিস্তান আমলের প্রশাসনিক ও সামরিক কাঠামোর একটি অংশ নতুন রাষ্ট্রের দায়িত্বে যুক্ত হয়। অন্যদিকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উঠে আসা রাজনৈতিক ও সামরিক শক্তির নিজস্ব অবস্থান তৈরি হয়। স্বাধীনতার পর রাষ্ট্রপরিচালনায় রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সামরিক ও প্রশাসনিক কাঠামোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে সেই সময় থেকেই একটি সুসংগঠিত ডিপ স্টেট তৈরি হয়ে ওঠেনি। বরং বলা যেতে পারে স্বাধীনতা-পরবর্তী ঘটনাপ্রবাহে রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতা কেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারের প্রবণতা দেখা যায়।

ডিপ স্টেট আলোচনায় বিদেশি শক্তির প্রসঙ্গও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই বিচ্ছিন্ন নয়। অর্থনীতি, বাণিজ্য, ঋণ, বিনিয়োগ, বাজার, কাঁচামাল, কূটনীতি ও ভূরাজনৈতিক স্বার্থের কারণে এক দেশের ওপর অন্য দেশের প্রভাব তৈরি হতে পারে। বিশ্বরাজনীতিতে ক্ষমতার রূপ বদলালেও আধিপত্য বিস্তারের প্রবণতা কখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি। ঔপনিবেশিক শাসনের অবসানের পর সামরিক জোট, অর্থনৈতিক নির্ভরতা, মুদ্রাব্যবস্থা, জ্বালানি, কূটনৈতিক ও গোপন রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নতুন ক্ষমতাকাঠামো গড়ে উঠেছে। আরব বসন্তের গণ-আন্দোলন ও পরবর্তী বিদেশি হস্তক্ষেপ, রাশিয়া-পশ্চিমের নতুন স্নায়ুযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী মার্কিন আধিপত্য, পেট্রোডলারের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে ডলারের প্রভাব, তেল ও সম্পদকেন্দ্রিক সংঘাত এবং জাতিসংঘের ভেটো ক্ষমতার সীমাবদ্ধতা-সবই আধুনিক বিশ্বব্যবস্থার ক্ষমতার দ্বন্দ্বকে তুলে ধরে, যার নেপথ্যে ছিল ডিপ স্টেট।

একসময় সাম্রাজ্যবাদ ভূখণ্ড দখলের মাধ্যমে পরিচালিত হতো, আধুনিক যুগে তা অনেক ক্ষেত্রে অর্থনীতি, সামরিক শক্তি, প্রযুক্তি, বাজার, ঋণ ও কৌশলগত নির্ভরতার মাধ্যমে বিস্তার লাভ করে। ফলে স্বাধীন রাষ্ট্রের দৃশ্যমান সার্বভৌমত্বের আড়ালেও আন্তর্জাতিক ঘটনা একই গোপন পরিকল্পনার অংশ নয়, বরং বিশ্বক্ষমতার প্রতিযোগিতা, জাতীয় স্বার্থ ও প্রাতিষ্ঠানিক প্রভাবের পৃথক বিশ্লেষণ প্রয়োজন। অর্থাৎ ঔপনিবেশিক শাসকের পতন ঘটেছে, কিন্তু আধিপত্য বিস্তারের কৌশল বিলুপ্ত হয়নি। সময়ের সঙ্গে তার রূপ, ভাষা ও প্রয়োগপদ্ধতি পরিবর্তিত হয়েছে; আর এটাই ডিপ স্টেট, আধুনিক সাম্রাজ্যবাদ, পেট্রোডলার ও বিশ্বক্ষমতার অদৃশ্য বলয়।

বাংলাদেশ ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সামরিক শাসনের বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো বারবার পরিবর্তিত হয়েছে। কখনো সামরিক নেতৃত্ব সরাসরি ক্ষমতায় এসেছে, কখনো বেসামরিক রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে ক্ষমতা পরিচালিত হয়েছে। ফলে রাষ্ট্রের দৃশ্যমান সরকার ও নেপথ্যের ক্ষমতার একটি ঘ্রাণ পাওয়া যায়। ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর ডিপ স্টেট বিষয়ে আলোচনা বেশি হয়।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নানা কারণে গুরুত্বপূর্ণ। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপানহ বিভিন্ন আন্তর্জাতিক মহাশক্তির কাছে এ দেশটির গুরুত্ব রয়েছে। কৌশলগত অবস্থান, বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর, যোগাযোগব্যবস্থা, এমনকি সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমির মতো দীর্ঘমেয়াদি সম্ভাবনাও সংকীর্ণ স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়তে পারে। এক্ষেত্রে অভ্যন্তরীণ ক্ষমতা কেন্দ্র ও আন্তর্জাতিক স্বার্থের মধ্যে গোপন সমন্বয় গড়ে উঠলে তখন ছায়া রাষ্ট্রের জন্ম হতেই পারে। অর্থাৎ ঘরের ভেতরে ঘর, কিন্তু এর ছায়া কখনো কখনো বাইরের উঠোন পর্যন্ত বিস্তৃত হতে পারে। এ বাস্তবতায় বাংলাদেশকে এমন অবস্থানে পৌঁছাতে হবে, যেখানে অন্যের ভূরাজনৈতিক চালের প্রতিক্রিয়ায় নয়, নিজের জাতীয় স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ রাষ্ট্র যদি বারবার হ্যাং হয়, জনগণ যদি প্রতিবারই নতুন করে লগইন করতে গিয়ে বিপাকে পড়ে, আর প্রতিটি রিস্টার্টের পর পুরোনো সমস্যাগুলোই ফিরে আসে, তাহলে বুঝতে হবে শুধু রিস্টার্ট নয়, অপারেটিং সিস্টেমটিও আপডেট করা জরুরি।

বাংলাদেশের মতো সীমিত অর্থনৈতিক সক্ষমতা ও বিপুল জনসংখ্যার একটি রাষ্ট্রের জন্য কোনো একক আন্তর্জাতিক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা কিংবা পরস্পরবিরোধী ভূরাজনৈতিক বলয়ের প্রতিযোগিতায় জড়িয়ে পড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই জাতীয় স্বার্থকে কেন্দ্র করে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, কৌশলগত সিদ্ধান্ত, স্বচ্ছতা, প্রশাসনিক জবাবদিহি এবং শক্তিশালী গোয়েন্দা ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি।

ড. লুবনা চৌধুরী : গবেষক, বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হালফিল বয়ান পার্বত্য শান্তিচুক্তির ৩০ বছরের অর্জন ও অপূর্ণতা

পার্বত্য শান্তিচুক্তির ৩০ বছরের অর্জন ও অপূর্ণতা

রাজনৈতিক প্রতিহিংসার আগুনে বিপন্ন দেশের ভবিষ্যৎ

রাজনৈতিক প্রতিহিংসার আগুনে বিপন্ন দেশের ভবিষ্যৎ

রাজনীতির ঘেরাটোপে ডিপ স্টেট

রাজনীতির ঘেরাটোপে ডিপ স্টেট

ডি-ডলারাইজেশন প্রক্রিয়া কোন পথে

ডি-ডলারাইজেশন প্রক্রিয়া কোন পথে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম