রাজনৈতিক প্রতিহিংসার আগুনে বিপন্ন দেশের ভবিষ্যৎ
আবু হেনা রাজ্জাকী
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আমরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক নেতাদের বক্তৃতা, বিবৃতি ও পারস্পরিক অভিযোগে একটি সতর্কবাণী শুনে আসছি-‘আগুন নিয়ে খেলবেন না।’ কখনো তা রাজনৈতিক হুঁশিয়ারি, কখনো প্রতিপক্ষকে সতর্ক করার ভাষা। কিন্তু সাম্প্রতিক সময়ে উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছি, সেই রূপক অর্থের আগুন যেন বাস্তবের ভয়াবহ অগ্নিশিখায় পরিণত হচ্ছে। রাজনৈতিক বিরোধ ও প্রতিহিংসার কারণে প্রতিপক্ষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনা ও অভিযোগ আমাদের বিবেককে নাড়া দিচ্ছে। এটি কেবল আইনশৃঙ্খলার সংকট নয়; জাতীয় জীবনে গভীর বিভাজন ও বিপজ্জনক ভবিষ্যতের এক অশনিসংকেত।
রাজনীতি মানুষের কল্যাণ, সমাজের অগ্রগতি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। সেখানে মতপার্থক্য, প্রতিযোগিতা ও ক্ষমতার পালাবদল স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে পরাজিত করার পরিবর্তে তার অস্তিত্ব নিশ্চিহ্ন করার মানসিকতা কোনো সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে না। রাজনৈতিক বিশ্বাসের কারণে কারও বাড়িঘরে আগুন দেওয়া, সম্পদ ধ্বংস করা কিংবা পরিবারকে আতঙ্কিত করা শুধু ফৌজদারি অপরাধ নয়; মানবিক মূল্যবোধ ও সভ্যতার ওপর সরাসরি আঘাত। সবচেয়ে উদ্বেগজনক হলো, রাজনৈতিক অসহিষ্ণুতা ক্রমেই সামাজিক সম্পর্ক ও জাতীয় ঐক্যের ভিত্তিকে দুর্বল করছে। রাজনৈতিক পরিচয় যেন মানুষের নিরাপত্তা ও পারস্পরিক সম্পর্ক নির্ধারণের মানদণ্ড হয়ে উঠছে। ভিন্নমতকে শত্রুতা এবং প্রতিপক্ষকে ব্যক্তিগত শত্রু হিসাবে বিবেচনা করার প্রবণতা সমাজে স্থায়ী বিভাজনের আশঙ্কা তৈরি করছে। এভাবে চলতে থাকলে রাজনৈতিক বিরোধ একসময় সামাজিক বৈরিতায় রূপ নেবে, যার পরিণতি শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, জাতীয় সংহতির জন্যও মারাত্মক হুমকি।
ইতিহাস আমাদের শিক্ষা দেয়, প্রতিহিংসার আগুন কখনো একটি পক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আজ যে আগুন প্রতিপক্ষের ঘরে জ্বালানো হচ্ছে, কাল সেই আগুন নিজের ঘরেও পৌঁছাতে পারে। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে প্রতিশোধের পালাবদল চলতে থাকলে সমাজ অন্তহীন সংঘাতের চক্রে আবদ্ধ হয়ে পড়ে। তখন প্রতিটি পক্ষ অতীতের অন্যায়কে বর্তমানের অন্যায়ের যুক্তি হিসাবে ব্যবহার করে। অথচ একটি অন্যায় কখনো আরেকটি অন্যায়কে বৈধতা দিতে পারে না। এভাবে প্রতিশোধের সংস্কৃতি প্রতিষ্ঠিত হলে শেষ পর্যন্ত পরাজিত হয় সমগ্র জাতি।
বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে দীর্ঘ সংগ্রাম ও অসীম আত্মত্যাগের বিনিময়ে। সেই স্বাধীনতার মৌলিক প্রত্যাশা ছিল এমন একটি রাষ্ট্র, যেখানে প্রত্যেক নাগরিক রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে নিরাপদে বসবাস করবে এবং আইনের সমান সুরক্ষা পাবে। অথচ স্বাধীনতার এত বছর পরও রাজনৈতিক পরিচয়ের কারণে মানুষের জীবন ও সম্পদ বিপন্ন হওয়ার ঘটনা আমাদের গভীর আত্মসমালোচনার মুখোমুখি দাঁড় করায়। স্বাধীনতার প্রকৃত সার্থকতা মানুষের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করার মধ্যেই নিহিত।
উদ্বেগের বিষয়, রাজনৈতিক অসহিষ্ণুতার প্রভাব দেশের সীমানা অতিক্রম করে প্রবাসী সমাজেও পৌঁছাচ্ছে। যুক্তরাজ্যে বাংলাদেশকেন্দ্রিক রাজনৈতিক সংঘাত ও বিশৃঙ্খলার প্রেক্ষাপটে একজন ব্রিটিশ সংসদ সদস্যের নামে এমন মন্তব্য প্রচারিত হয়েছে যে, বাংলাদেশের রাজনৈতিক বিরোধ নিয়ে তার কোনো আগ্রহ নেই এবং যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বহিষ্কার করা উচিত। মন্তব্যটির যথার্থতা ও প্রেক্ষাপট যাচাই করা প্রয়োজন। তবে এর অন্তর্নিহিত সতর্কবার্তা উপেক্ষণীয় নয়। প্রবাসীরা দীর্ঘদিনের পরিশ্রম, সততা ও মেধার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের যে সম্মান প্রতিষ্ঠা করেছেন, রাজনৈতিক সহিংসতার মাধ্যমে সেই অর্জনকে প্রশ্নবিদ্ধ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা। আমরা তাদের জন্য কেমন বাংলাদেশ রেখে যাচ্ছি? একটি শান্তিপূর্ণ, সহনশীল ও গণতান্ত্রিক রাষ্ট্রের পরিবর্তে ঘৃণা, প্রতিশোধ ও স্থায়ী বিভাজনে আক্রান্ত সমাজ উত্তরাধিকার হিসাবে রেখে যাওয়া হবে জাতির জন্য ভয়াবহ ব্যর্থতা। রাজনৈতিক মতপার্থক্যের কারণে প্রতিবেশী প্রতিবেশীর শত্রু হয়ে উঠবে কিংবা ক্ষমতার পরিবর্তনের সঙ্গে মানুষের নিরাপত্তাও পরিবর্তিত হবে-এমন বাস্তবতা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়ার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ আমাদের নেই।
এ পরিস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ। আইনের শাসন প্রতিষ্ঠার অর্থ রাজনৈতিক পরিচয়, ক্ষমতা ও প্রভাব নির্বিশেষে অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা। অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট কিংবা মানুষের জীবন ও সম্পদের ওপর আক্রমণ কোনো অবস্থাতেই রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। অপরাধী যে দলেরই হোক, যথাযথ প্রমাণ ও ন্যায়সংগত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপরাধ মানুষকে রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানি করা বন্ধ করতে হবে। বিচার হতে হবে অপরাধের, রাজনৈতিক পরিচয়ের নয়।
রাজনৈতিক নেতৃত্বকেও উপলব্ধি করতে হবে, ক্ষমতা সাময়িক, কিন্তু রাষ্ট্র স্থায়ী। রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, ক্ষমতা হারাবে; কিন্তু বাংলাদেশকে টিকে থাকতে হবে। নিজেদের সমর্থকদের অপরাধ আড়াল করে প্রতিপক্ষের অপরাধের নিন্দা করার দ্বৈতনীতি পরিহার করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সহিংসতা প্রতিরোধে ন্যূনতম জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজকেও সহনশীলতা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
আমাদের সামনে আজ দুটি পথ খোলা। একটি প্রতিহিংসার, যেখানে প্রত্যেকে অন্যের বিরুদ্ধে আগুন জ্বালাবে এবং শেষ পর্যন্ত সেই আগুনের উত্তাপে সবাই দগ্ধ হবে। অন্যটি সংযম, মানবিকতা, ন্যায়বিচার ও জাতীয় ঐক্যের। এখনই সময় এ ধ্বংসাত্মক প্রবণতার রাশ টেনে ধরার। আজ যদি প্রতিহিংসার আগুন থামাতে ব্যর্থ হই, আগামীকাল হয়তো সেই আগুন নেভানোর মতো সামাজিক আস্থা ও রাজনৈতিক সদিচ্ছাও অবশিষ্ট থাকবে না।
মনে রাখতে হবে, আগুন দিয়ে প্রতিপক্ষের ঘর পোড়ানো যায়, কিন্তু সেই আগুন দিয়ে নিজের ভবিষ্যৎ আলোকিত করা যায় না। যে জাতি প্রতিহিংসাকে রাজনীতির হাতিয়ার বানায়, সে জাতি নিজের ভবিষ্যৎকেই ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই আগুন নিয়ে খেলা বন্ধ করে প্রতিশোধের পরিবর্তে ন্যায়বিচার এবং বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্যের পথ বেছে নেওয়াই এখন সময়ের দাবি। অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না; ভবিষ্যৎ প্রজন্মও আমাদের এ ব্যর্থতার দায় থেকে মুক্তি দেবে না।
আবু হেনা রাজ্জাকী : সিনিয়র আইনজীবী, সুপ্রিমকোর্ট
