হালফিল বয়ান
পার্বত্য শান্তিচুক্তির ৩০ বছরের অর্জন ও অপূর্ণতা
ড. মাহফুজ পারভেজ
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদিত হয়েছিল বাংলাদেশের সংবিধান, রাষ্ট্র্রের সার্বভৌমত্ব ও অখণ্ড কাঠামোর মধ্যে পাহাড়ের সব মানুষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার এবং সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য। ৩০ বছরের দ্বারপ্রান্তে চুক্তিটি নিয়ে নানা প্রশ্ন উঠছে। কেউ বলছেন, চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি; কেউ বলছেন, এর কাঠামো বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; অনেকে চুক্তি বাতিলের কথাও তুলছে। এ বিতর্ক নিছক চুক্তির পক্ষে বা বিপক্ষের লড়াই নয়। মূল প্রশ্ন হলো-চুক্তি কেন হয়েছিল, কী অর্জন করেছে, কী অর্জন করতে পারেনি, বর্তমান সংঘাতের প্রকৃতি কীভাবে বদলেছে এবং ভবিষ্যৎ শান্তির জন্য বিদ্যমান কাঠামোর মধ্যে কী ধরনের পরিবর্তন ও নবায়ন প্রয়োজন?
১৯৯৭ সালের শান্তিচুক্তি অস্ত্র ও সহিংসতার স্থলে রাজনৈতিক সমাধানের আশা জাগালেও পাহাড়ে স্থায়ী শান্তি আসেনি। চুক্তিকে ঐতিহাসিক অর্জন হিসাবে স্বীকার করেও এর বাস্তবায়ন, সীমাবদ্ধতা ও কার্যকারিতা নিয়ে সমালোচনামূলক আলোচনা দরকার। তবে চুক্তির বাস্তবায়ন নিয়ে সরকারি ও জনসংহতি সমিতির মূল্যায়নে বড় পার্থক্য রয়েছে। সরকারি বক্তব্যে চুক্তির ৭২টি ধারার মধ্যে ৬৫টি পুরোপুরি বাস্তবায়িত এবং বাকি সাতটি বাস্তবায়নাধীন বলে উল্লেখ করা হয়। অন্যদিকে জনসংহতি সমিতির মূল্যায়নে ২৫টি ধারা পুরোপুরি বাস্তবায়িত, ১৮টি আংশিক বাস্তবায়িত এবং ২৯টি বাস্তবায়িত হয়নি বলে দাবি করা হয়। এ দুই মূল্যায়নের ব্যবধান কেবল সংখ্যাগত বিতর্ক নয়, চুক্তির বাস্তব অগ্রগতি, বাস্তবায়নের মানদণ্ড এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আস্থার সংকটকে নির্দেশ করে।
অন্যদিকে, তিন দশক পর পাহাড়ের বাস্তবতা বদলেছে। জনসংখ্যা, রাজনৈতিক সংগঠন, স্থানীয় ক্ষমতার বিন্যাস, অর্থনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক ভূরাজনীতি এবং পাহাড়ের মানুষের প্রত্যাশা ১৯৯৭ সালের তুলনায় ভিন্ন। এ পরিবর্তনগুলো চুক্তির বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর পর্যালোচনাকে যৌক্তিক করে তোলে।
১৯৯৭ সালের চুক্তি মূলত বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তৎকালীন সংঘাতের প্রধান পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার জন্য এ দ্বিপক্ষীয় কাঠামো ছিল বাস্তবসম্মত। কিন্তু বর্তমান পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা আরও জটিল।
পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, মতাদর্শ, নেতৃত্ব ও জনগোষ্ঠীর স্বতন্ত্র দাবি রয়েছে। বাঙালি অধিবাসীদের ভূমি, নিরাপত্তা, প্রতিনিধিত্ব ও নাগরিক অধিকারের প্রশ্ন রয়েছে। পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যেও রাজনৈতিক মতপার্থক্য, সংগঠনগত বিভাজন এবং নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। নারী, তরুণ, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় নেতৃত্ব এবং নাগরিক সমাজের অভিজ্ঞতাও শান্তি প্রতিষ্ঠার আলোচনায় গুরুত্বপূর্ণ।
তাই বর্তমান পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়াকে শুধু ১৯৯৭ সালের চুক্তির দুপক্ষের মধ্যে সীমাবদ্ধ রাখলে বৃহত্তর সমাজের বাস্তব উদ্বেগ ও মতামত যথাযথভাবে প্রতিফলিত হওয়ার সুযোগ সীমিত হতে পারে। বহুপক্ষীয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা এখানেই, যা অন্যান্য অংশীজনকে আলোচনায় যুক্ত করার তাগিদ দেয়। কারণ, শান্তির গ্রহণযোগ্যতা তখনই বাড়বে, যখন বিভিন্ন জনগোষ্ঠী ও সামাজিক পক্ষ মনে করবে তাদের নিরাপত্তা, অধিকার, স্বার্থ ও মতামত আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
১৯৯৭ সালের আগে পার্বত্য চট্টগ্রামের সংঘাতের প্রধান চরিত্র ছিল রাষ্ট্র ও একটি সংঘটিত পাহাড়ি রাজনৈতিক-সশস্ত্র আন্দোলনের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাত। এর কেন্দ্রে ছিল রাজনৈতিক স্বীকৃতি, আঞ্চলিক স্বায়ত্তশাসন, ভূমির অধিকার, পরিচয়ের মর্যাদা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় নীতি। বর্তমানে সংঘাতের প্রকৃতি আরও বহুমাত্রিক। পাহাড়ি জনগোষ্ঠীর অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ভূমি ও নিরাপত্তাসংক্রান্ত বিরোধ, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্রের বিস্তার, সীমান্তবর্তী অপরাধ, মাদক, ভূমি ও পরিবেশ নিয়ে দ্বন্দ্ব এবং নারী ও তরুণদের নিরাপত্তা সংকট-এসব বিষয় নতুন মাত্রা তৈরি করেছে।
এ পরিবর্তিত সংঘাত বাস্তবতাকে ১৯৯৭ সালের চুক্তির আলোকে একমাত্রিকভাবে ব্যাখ্যা করা যথেষ্ট নয়। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিরোধ, অপরাধ, নিরাপত্তা সংকট, ভূমি সমস্যা, স্থানীয় আধিপত্য এবং সামাজিক অবিশ্বাস পরস্পরের সঙ্গে যুক্ত। ফলে শুধু রাজনৈতিক চুক্তির বাস্তবায়ন কিংবা শুধু নিরাপত্তা অভিযান-কোনো একক পদ্ধতি সব সমস্যার সমাধান করতে পারবে না। ফলে একদিকে রাজনৈতিক অধিকার, পরিচয়, ভূমি ও প্রতিনিধিত্বের প্রশ্নে ন্যায্য সমাধান দরকার; অন্যদিকে সশস্ত্র তৎপরতা, অপরাধ, অপহরণ, চাঁদাবাজি ও নাগরিক নিরাপত্তাহীনতার বিরুদ্ধে কার্যকর আইন প্রয়োগ জরুরি। রাজনৈতিক দাবি এবং অপরাধকে এক করে দেখা যেমন ভুল, তেমনই রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধকে উপেক্ষা করাও গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন প্রয়োগে নিরপেক্ষতা বজায় রাখা এবং অধিকার ও ন্যায়বিচার সুরক্ষিত করা। একই সঙ্গে রাজনৈতিক সমাধানের পথ খোলা রাখা, যাতে বৈধ রাজনৈতিক দাবি সহিংসতা বা নিরাপত্তা সংকটের মধ্যে আটকে না যায়।
পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনায় রাষ্ট্রের সার্বভৌমত্ব ও পাহাড়ের মানুষের অধিকারকে প্রায়ই বিপরীত অবস্থানে উপস্থাপন করা হয়। এ দ্বৈততা থেকে বেরিয়ে আসা জরুরি। বাংলাদেশের স্বাধীন, সার্বভৌম ও অখণ্ড রাষ্ট্রকাঠামোর মধ্যে থেকেই পার্বত্য অঞ্চলের মানুষের ভূমির অধিকার, সাংস্কৃতিক পরিচয়, রাজনৈতিক অংশগ্রহণ, স্থানীয় শাসনে কার্যকর ক্ষমতা এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হওয়া উচিত। রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো অক্ষুণ্ন রেখে বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারকে কার্যকর করা এবং বহুত্ববাদী নাগরিকত্বের চর্চা শক্তিশালী করা যেতে পারে। রাষ্ট্রের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনই রাষ্ট্রের নাগরিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাও তার মৌলিক দায়িত্ব। নিরাপত্তার প্রশ্নে স্থানীয় জনগণের অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ সংকুচিত হলে আস্থার সংকট বাড়তে পারে। আবার কোনো রাজনৈতিক দাবিকে কেন্দ্র করে অন্য জনগোষ্ঠীর নাগরিক অধিকার ও নিরাপত্তাকে উপেক্ষা করলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
অতএব, রাষ্ট্র ও পাহাড়ের সব মানুষের (বাঙালি ও পাহাড়ি) সম্পর্ককে বিরোধের কাঠামো থেকে বের করে সাংবিধানিক অধিকার, দায়িত্ব, অংশগ্রহণ ও আস্থার ভিত্তিতে পুনর্গঠন করতে হবে। রাষ্ট্রের ঐক্য রক্ষার সবচেয়ে কার্যকর উপায় হলো নাগরিকদের মধ্যে ন্যায্যতা ও রাষ্ট্রের প্রতি আস্থা প্রতিষ্ঠা।
এ অবস্থায়, শান্তিচুক্তির ৩০ বছর পূর্তির প্রাক্কালে তিনটি ধারণা আলোচনায় আসছে-চুক্তি বাতিল, পুনর্মূল্যায়ন এবং নতুন চুক্তি। চুক্তি বাতিলের দাবি মূলত রাজনৈতিক ও ঐতিহাসিক অর্জনকে অস্বীকার করার ঝুঁকি তৈরি করে। ফলে পুনর্মূল্যায়ন তুলনামূলকভাবে যুক্তিসংগত ও বাস্তবসম্মত পথ। এর মাধ্যমে চুক্তির অর্জন, অপূর্ণতা, বাস্তবায়নের বাধা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য যাচাই করা যায়। পুনর্মূল্যায়ন মানে চুক্তির ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার না করে কার্যকারিতা বাড়ানো। আর নতুন চুক্তি বা পরিপূরক সমঝোতা তখনই বিবেচনাযোগ্য, যখন নিরপেক্ষ মূল্যায়নে প্রমাণিত হয় যে, বিদ্যমান কাঠামোর কিছু সীমাবদ্ধতা নতুন রাজনৈতিক সমঝোতা ছাড়া দূর করা সম্ভব নয়। তবে নতুন চুক্তির আলোচনা হতে হবে অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, সাংবিধানিক এবং সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণের ভিত্তিতে। নতুন চুক্তি যেন পুরোনো চুক্তির অর্জন মুছে না দেয় এবং নতুন কোনো জনগোষ্ঠীকে বঞ্চিত না করে। তাই তিন দশকের অভিজ্ঞতায় সবচেয়ে যুক্তিসংগত পথ হলো-শান্তিচুক্তির অর্জন সংরক্ষণ, অসম্পূর্ণ বাস্তবায়নের নিরপেক্ষ মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী অংশীজনদের সম্মতিতে পরিপূরক রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সমঝোতা। এ পথ চুক্তি বাতিলের ঝুঁকি এড়ায়, আবার পরিবর্তিত বাস্তবতার প্রয়োজনও অস্বীকার করে না।
কয়েকটি কারণে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ৩০ বছর পূর্তিকে একটি আনুষ্ঠানিক স্মরণপর্বের পরিবর্তে নীতিগত পুনর্মূল্যায়নের সুযোগ হিসাবে ব্যবহার করা যেতে পারে। প্রথমত, সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনের প্রতিনিধিত্বে একটি স্বাধীন ও গ্রহণযোগ্য মূল্যায়ন ব্যবস্থা গড়ে চুক্তির ধারাভিত্তিক বাস্তবায়ন, প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, ভূমি বিরোধ, নিরাপত্তা, পুনর্বাসন ও নাগরিক অধিকার নিয়ে যাচাইযোগ্য প্রতিবেদন প্রকাশ করা উচিত। দ্বিতীয়ত, আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের কার্যকর ক্ষমতা, দায়িত্ব, আর্থিক সক্ষমতা ও জবাবদিহি পর্যালোচনা করে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কেবল প্রশাসনিক কাঠামো হিসাবে নয়, রাজনৈতিক অংশগ্রহণ ও স্থানীয় সমস্যা সমাধানের কার্যকর মাধ্যম হিসাবে প্রতিষ্ঠা করা দরকার। তৃতীয়ত, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য কার্যকর, নিরপেক্ষ ও স্বচ্ছব্যবস্থা নিশ্চিত করা আবশ্যক। চতুর্থত, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অংশীজনের অংশগ্রহণে বহুপক্ষীয় সংলাপের কাঠামো তৈরি করা প্রয়োজন, যাতে নারী, তরুণ, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রান্তিক জনগোষ্ঠীর মতামত স্থান পায়। পঞ্চমত, নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও আইনের শাসনকে সমন্বিতভাবে নিশ্চিত করে সশস্ত্র তৎপরতা ও অপরাধ দমন, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ, অপহরণ ও চাঁদাবাজি বন্ধ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ। ষষ্ঠত, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নকে স্থানীয় মানুষের অংশগ্রহণ, ভূমি ও পরিবেশের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করার সঙ্গে যুক্ত করে মানুষের জীবনমান, নিরাপত্তা ও মর্যাদার উন্নয়ন সম্পন্ন করা।
চুক্তির ৩০ বছরে আবেগ, রাজনৈতিক অবস্থান কিংবা দলীয় বিতর্কের বাইরে গিয়ে বাস্তবতার মুখোমুখি হওয়া দরকার। চুক্তির অর্জন স্বীকার ও অপূর্ণতা চিহ্নিত করে প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন হওয়াও প্রয়োজন। এজন্য যুক্তিসংগত ও অংশগ্রহণমূলক আলোচনার বিকল্প নেই। ১৯৯৭ সালের শান্তিচুক্তি ছিল সংঘাত থেকে রাজনৈতিক সমঝোতার পথে একটি সূচনা, যা এমন কোনো স্থির দলিল নয় যে, স্বাক্ষরিত হওয়ার পর সব সমস্যার সমাধান হয়ে যায়। যেহেতু এটি একটি রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা, সেহেতু এর সাফল্য নির্ভর করে বাস্তবায়ন, আস্থা, ন্যায়বিচার, অংশগ্রহণ এবং পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনীয় অভিযোজনের ওপর। এজন্য প্রয়োজন বাস্তবভিত্তিক, বহুপক্ষীয় ও যুগোপযোগী রাজনৈতিক উদ্যোগ। বাংলাদেশের স্বাধীন, সার্বভৌম ও অখণ্ড রাষ্ট্রকাঠামোর মধ্যে পাহাড়ের সব জাতি, উপজাতি ও ধর্মের মানুষের ন্যায্য অধিকার, পরিচয় ও মর্যাদা নিশ্চিত করা এবং একই সঙ্গে সব জনগোষ্ঠীর নিরাপত্তা, নাগরিক অধিকার ও সহাবস্থান প্রতিষ্ঠা করাই হওয়া উচিত ভবিষ্যৎ শান্তির লক্ষ্য। এ লক্ষ্যে সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, পার্বত্য চট্টগ্রামের মানুষ কি নিরাপদ, তাদের অধিকার কি নিশ্চিত, প্রতিষ্ঠানগুলো কি কার্যকর, জনগোষ্ঠীগুলোর মধ্যে আস্থা কি বেড়েছে এবং আগামী প্রজন্ম কি শান্তিপূর্ণ ভবিষ্যতের নিশ্চয়তা পাচ্ছে? এ প্রশ্নগুলোর সমাধানে একটি তথ্যনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী শান্তি কাঠামো প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের প্রধান কর্তব্য হওয়া উচিত।
প্রফেসর ড. মাহফুজ পারভেজ : চেয়ারম্যান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; নির্বাহী পরিচালক, চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি)
