২০ হাজার ভোট আটকে দিতে আদালতে ট্রাম্প
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: গেটি ইমেজেস
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্যালিফোর্নিয়ায় ২০ হাজারের বেশি ভোটারের ডাকযোগে পাঠানো ব্যালট গণনা বন্ধ করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। প্রশাসনের দাবি, এসব ভোটার যুক্তরাষ্ট্রের নাগরিক নন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক এক দিন আগে সোমবার (২ নভেম্বর) জরুরি ভিত্তিতে এ আবেদন করা হয়।
ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং দেশটির সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের আইনি লড়াইয়ে এটি সর্বশেষ ঘটনা।
ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা বলছেন, প্রশাসনের এই উদ্যোগে হাজার হাজার যোগ্য ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে। তারা চায়, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) তৈরি করা একটি তালিকায় থাকা ভোটারদের ব্যালট আলাদা করে রাখতে ক্যালিফোর্নিয়াকে নির্দেশ দেওয়া হোক। ওই ভোটারদের নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত ব্যালটগুলো আলাদা রাখার দাবি জানিয়েছে বিভাগটি।
বিচার বিভাগের যুক্তি, অন্য ব্যালটের সঙ্গে মিশে গেলে পরে ওই ভোটারদের অযোগ্য প্রমাণিত হলে তাদের ব্যালট শনাক্ত করে সরিয়ে ফেলার কোনো উপায় থাকবে না।
তবে ক্যালিফোর্নিয়া বলছে, তালিকাটি নির্ভরযোগ্য নয় এবং এতে হাজার হাজার মার্কিন নাগরিকের নাম থাকতে পারে।
অক্টোবরের শুরু থেকেই সেখানে ভোটগ্রহণ চলছে। প্রায় ২ কোটি ৩০ লাখ নিবন্ধিত ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এরই মধ্যে কয়েক লাখ ব্যালট প্রক্রিয়াকরণ হয়েছে। রাজ্য কর্মকর্তারা বলছেন, বিতর্কিত তালিকায় থাকা ভোটারদের ব্যালট আলাদা করা প্রায় অসম্ভব।
গত সপ্তাহে এক ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে দেন। তালিকায় থাকা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিচারক ডেভিড কার্টার লিখেছেন, ‘নির্বাহী বিভাগ যদি অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে ভোট বাতিল করতে পারে এবং চলমান নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে, তাহলে আমাদের গণতন্ত্র বিপদে পড়বে।’
শুক্রবার একটি ফেডারেল আপিল আদালতও প্রশাসনের আবেদন খারিজ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। সূত্র: আল জাজিরা

