Logo
Logo
×

Advertisement

দৃষ্টিপাত

সরকার পাসপোর্ট দিলেও কি ফিরবেন হাসিনা?

আহসান হাবিব বরুন

আহসান হাবিব বরুন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম

সরকার পাসপোর্ট দিলেও কি ফিরবেন হাসিনা?

ফাইল ছবি

Advertisement

জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সাড়ে ১৫ বছরের এক দুঃসহ স্বৈরশাসনের অবসান ঘটেছে। এই পরিবর্তনের পর কেটে গেছে অনেকটা সময়, কিন্তু সেই রক্তস্নাত বিপ্লবের রেশ এখনো দেশের প্রতিটি কোণায় অনুভূত হচ্ছে। প্রায় দুই হাজার মানুষের আত্মত্যাগ আর পঁচিশ হাজার মানুষের রক্ত ও অঙ্গহানির বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন রাজনৈতিক ঘটনার জন্ম হচ্ছে। জাতিসংঘের নিরপেক্ষ তদন্ত প্রতিবেদনেও জুলাই অভ্যুত্থানে তৎকালীন সরকারের নজিরবিহীন মানবতাবিরোধী অপরাধ এবং সাধারণ মানুষের ওপর চালানো নৃশংসতার চিত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত হয়েছে।

এমন এক পরিবর্তিত ও থমথমে রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার অনুসারীদের গতিবিধি লক্ষ্য করলে এক গভীর রাজনৈতিক নাটক ও কৌশলগত ষড়যন্ত্রের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। 

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রায়ই শোনা যাচ্ছে যে, শেখ হাসিনা নাকি দেশে ফিরতে চান! আর সেই লক্ষ্যে তিনি নাকি ভারতের বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনপত্র পাঠিয়েছেন। শুধু তাই নয়, ব্রিটিশ রাজনীতিবিদদের একটি অংশকে দিয়ে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে, যাতে তার বিরুদ্ধে থাকা মৃত্যুদণ্ড বা ফাঁসির রায় কার্যকর না করা হয়—সেজন্য ব্রিটিশ সরকারকে  চিঠিও দিয়েছেন ৬ জন ব্রিটিশ রাজনীতিবিদ!।

কিন্তু একটু গভীরভাবে খেয়াল করলেই বোঝা যায়, এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে লুকিয়ে আছে এক চতুর রাজনৈতিক মনস্তত্ত্ব। প্রশ্ন হলো—শেখ হাসিনা কি সত্যিই বাংলাদেশে ফিরে আসার ন্যূনতম সাহস বা ইচ্ছা রাখেন? নাকি এটি তার বিভ্রান্ত ও দিকভ্রান্ত কর্মীদের মনে কৃত্রিম উত্তেজনা টিকিয়ে রাখার এক নতুন রাজনৈতিক ভণ্ডামি?

এই পুরো বিষয়টি বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, তখন তাঁর দল ও অনুসারীদের সান্ত্বনা দিতে একটি কল্পিত গল্প ছড়ানো হয়েছিল। বলা হয়েছিল—তিনি নাকি দেশ ছেড়ে যেতে চাননি, তিনি নাকি গোপালগঞ্জে যেতে চেয়েছিলেন; কিন্তু জোর করে, তাঁর অজান্তে তাঁকে বিমানে তুলে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে!

কিন্তু সত্য বেশি দিন লুকিয়ে রাখা যায় না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে, শেখ হাসিনা অত্যন্ত ‘সংক্ষিপ্ত নোটিশে’ ভারতে আশ্রয় চেয়েছেন এবং তার সেই অনুরোধের প্রেক্ষিতেই তাকে মানবিক কারণে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে। পরবর্তীতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীসহ অন্যান্য কূটনৈতিক সূত্রগুলোও এই সত্যিটা উন্মোচন করে দেয়। অর্থাৎ, প্রাণ বাঁচাতে ক্ষমতা ছেড়ে ভারতের শরণাপন্ন হওয়া ছাড়া তার সামনে আর কোনো খোলা পথ ছিল না।

নির্মম বাস্তবতা হচ্ছে,সাড়ে ১৫ বছর ধরে ক্ষমতার দাপটে যে নেতাকর্মীদের তিনি অন্ধ অনুসারী বানিয়ে রেখেছিলেন, শেষ মুহূর্তে তাদের চরম বিপদের মুখে ও নিশ্চিত আইনি ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে তিনি নিজে বোনকে নিয়ে রাজকীয় আশ্রয়ে পালিয়ে গিয়েছিলেন। এই নির্মম সত্যের কারণে তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের মনে যে গভীর অভিমান ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল, সেই ক্ষুব্ধ কর্মীদের অভিমান ভাঙাতেই আজ এই ‘দেশে ফেরা’র নতুন প্রতারণার জাল বোনা হচ্ছে। এর আগেও বহুবার আমি এ কথা বলেছি যে শেখ হাসিনার জীবদ্দশায় বাংলাদেশ ফেরার সম্ভাবনা আমি দেখি না।

এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো—শেখ হাসিনার দেশে ফিরতে পাসপোর্ট লাগবে কেন? তিনি তো প্রায়ই গর্ব করে বলতেন, এটা আমার বাপের দেশ! আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন! যদি তার এই দাবির পক্ষে তার পূর্ণ বিশ্বাস থাকত, তবে দেশে ফেরার জন্য বা সীমান্ত পেরোবার জন্য কোনো প্রাতিষ্ঠানিক পাসপোর্ট বা ভিসার আবেদন করার তো বিন্দুমাত্র প্রয়োজন ছিল না।

ভারত তো দূরের কোনো সাগরে অবস্থিত বিচ্ছিন্ন কোনো দ্বীপরাষ্ট্র নয়! বাংলাদেশের চারপাশেই রয়েছে ভারতের সঙ্গে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটারের এক বিশাল ও উন্মুক্ত সীমান্ত। শেখ হাসিনা তো চাইলে বর্তমান আশ্রয়স্থল ভারত থেকে যেকোনো সীমান্ত পয়েন্টে এসে এক পায়ে দাঁড়িয়ে আরেক পা বাড়িয়ে দিলে অনায়াসেই বাংলাদেশে ঢুকে পড়তে পারতেন। তাহলে প্রশ্ন হলো—এত সহজে সীমান্ত পেরিয়ে আসার সুযোগ থাকা সত্ত্বেও তিনি কেন আনুষ্ঠানিকভাবে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার এই অভিনব নাটক সাজালেন।

এর পেছনের রাজনৈতিক অভিসন্ধি খুবই পরিষ্কার। এটি স্রেফ একটি নিখুঁত রাজনৈতিক স্ট্যান্ডবাজি ও লোকদেখানো প্রোপাগান্ডা। এই কৌশলের মাধ্যমে তিনি তার দিশাহারা নেতাকর্মীদের কাছে সহানুভূতি কুড়াতে চান। তিনি যেন তাদের বোঝাতে চান—‘দেখো, আমি তো আমার প্রাণের টানে দেশে চলে আসতেই চেয়েছিলাম, কিন্তু এই সরকার আমাকে কিছুতেই পাসপোর্ট দিচ্ছে না, দেশে ঢুকতে দিচ্ছে না। এতে আমার কী করার আছে বলো? আমি তো তোমাদের জন্য উতলা হয়ে আছি, তোমাদের ছেড়ে ভারতে আমার প্রাণ কেমন করে কেঁদে ওঠে, তা তোমরা বোঝো না! এই দুষ্টু ও শয়তান সরকার আমাকে আমার বাপের দেশে ঢুকতে দিচ্ছে না, সুতরাং এর বিচার তোমরাই করো। তোমরা এই সরকারকে শান্তিতে থাকতে দিও না; যেখানে পারো বোমা মারো, ককটেল বিস্ফোরণ ঘটাও, যানবাহনে আগুন দাও। যেভাবেই হোক, এই সরকারকে উৎখাত করে আমাকে দেশে ফিরিয়ে আনো। তা না হলে তোমাদেরও বাঁচার কোনো উপায় নেই, আমারও বাঁচার উপায় নেই!’—মূলত নিজের কর্মীবাহিনীকে উসকে দিয়ে তাদের আত্মঘাতী সংঘর্ষ ও নাশকতার মুখে ঠেলে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রই এর আড়ালে লুকিয়ে আছে। কিন্তু হাসিনার অন্ধ ও বোকা অনুসারীরা তা বুঝতেই পারছে না।

বাস্তবতা হলো, সরকার যদি সব আইন শিথিল করে তার চাহিদামতো হাতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তুলে দেয়ও, তবুও শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন না। কারণ, গত সাড়ে ১৫ বছরে দেশে তিনি কী ধরনের পৈশাচিক কর্মকাণ্ড চালিয়েছেন, তা তার চেয়ে ভালো আর কে জানে? 

গুম, খুন, আয়নাঘরের অমানবিক নির্যাতন, ব্যাংক লুটপাট এবং জুলাই-আগস্টের নৃশংস গণহত্যা দিয়ে পুরো দেশটাকে যারা পঙ্গু করে দিয়ে গেছেন, তাদের অপরাধের খাতা অনেক ভারী। তদুপরি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর ওপর বিগত দেড় দশকে যে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে, তার পরিণতি সম্পর্কেও তিনি সম্যক ওয়াকিবহাল।

তিনি খুব ভালো করেই জানেন, দেশে পা রাখা মাত্রই তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং নিজের অপরাধের উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে। দিল্লির সুরক্ষিত ও আয়েশী রাজকীয় নির্বাসিত জীবন ছেড়ে তিনি কেন বাংলাদেশে এসে নরক যন্ত্রণা ভোগ করবেন? রাজকীয় সুবিধা ছেড়ে স্বেচ্ছায় ফাঁসির কাষ্ঠ বেছে নেওয়ার মতো বোকামি শেখ হাসিনা কখনো করবেন না।

একজন পর্যবেক্ষক হিসেবে আমি বলতে পারি যে,যদি তার সত্যি দেশে ফেরার ইচ্ছা থাকত, তবে তিনি নাশকতার পথ বেছে না নিয়ে ইতিবাচক রাজনীতির ধারা বেছে নিতেন। দেশের মানুষের কাছে নিজের একটি সহনশীল ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করতেন। কিন্তু বাস্তবে আমরা কী দেখছি? পোশাক শিল্পে কৃত্রিম অসন্তোষ তৈরি করে অর্থনীতিকে অস্থিতিশীল করার পাঁয়তারা, পার্বত্য চট্টগ্রামে জাতিগত সংঘাত উসকে দেওয়ার ষড়যন্ত্র এবং দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা। 

যে রাজনৈতিক শক্তি দেশকে ধ্বংস করতে নাশকতার পথ বেছে নেয়, তারা কখনো জনগণের কল্যাণে বা দেশে ফেরার জন্য রাজনীতি করে না। যে জনগণ তাকে তাড়িয়েছে, সেই ছাত্র জনতাকে অশান্তিতে রাখাই এখন তার একমাত্র রাজনৈতিক এজেন্ডা। আর এই পৈশাচিক লক্ষ্য বাস্তবায়নে তার অন্ধ অনুসারী নেতাকর্মীদের বলির পাঁঠা বানান হচ্ছে।

এই সবকিছুর পেছনে তার আশ্রয়দাতা ভারতের ভূরাজনৈতিক কৌশল ও ইন্ধন সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। নতুন বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যখন দিল্লি তাদের কাঙ্ক্ষিত সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হচ্ছে, তখনই তারা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির জন্য এই ‘হাসিনা কার্ড’ নতুন করে খেলার চেষ্টা করছে। কিন্তু অপরাধী ও গণবিচ্ছিন্ন কাউকে সামনে রেখে কোনো দিনই প্রতিবেশী দেশের জনগণের মন জয় করা সম্ভব নয়। তবে আমি মনে করি, এটি ভারত এবং শেখ হাসিনা—উভয়ের জন্যই  শেষ রাজনৈতিক চাল।

কারণ, ডিসেম্বর আসতে আর বেশি সময় বাকি নেই। ডিসেম্বরের পর যখন প্রমাণিত হবে যে শেখ হাসিনার দেশে ফেরার সব গল্পই ছিল এক ডাহা মিথ্যা ও প্রতারণা, তখন তিনি তার অন্ধ অনুসারীদের কী জবাব দেবেন? সরকারের কাছে আবেদন বা লবিস্ট দিয়ে চিঠি করানোর এই নাটক মূলত আওয়ামী লীগ দলটাকেই দীর্ঘ সময়ের জন্য পর্দার অন্তরালে ঠেলে দিচ্ছে এবং দলটিকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। 

শেখ হাসিনার এই মিথ্যা আশ্বাসের কারণে দলের তৃণমূলের কর্মীরা একসময় তার ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলবে। সুতরাং নাশকতায় জড়িত। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের এ বিষয়টি বিবেচনা করা উচিত বলে আমি মনে করি।

পরিশেষে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনার এই ‘দেশে ফেরার আবেদন’ বা সীমান্তে পাসপোর্ট নিয়ে আসার মেকি হুংকার কোনো রাজনৈতিক দূরদর্শিতা নয়; বরং নেতাকর্মীদের কৃত্রিম উত্তেজনায় রেখে নিজেকে অসহায় ও ভুক্তভোগী সাজানোর এক চরম ভণ্ডামি। স্বৈরাচারের শেষ পরিণতি সবসময় এমনই করুণ ও হাস্যকর হয়। 

কিন্তু বাংলাদেশের সচেতন জনগণ এবং পরিবর্তিত রাজনৈতিক শক্তি এই পুরনো চালে আর ভুলবে না।

মিথ্যা প্রচারণা, অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র কিংবা দিল্লির ভূরাজনৈতিক ইন্ধন—কোনো কিছুই অপরাধের বিচার এড়াতে পারবে না। রাজকীয় নির্বাসনে বসে নাশকতার কলকাঠি নেড়ে শেখ হাসিনা হয়তো নিজেকে সাময়িক সান্ত্বনা দিতে পারেন, কিন্তু ইতিহাসের পাতায় তিনি চিরদিনের জন্য এক পলায়নপর, প্রতারক ও গণবিচ্ছিন্ন নেতা হিসেবেই চিহ্নিত হয়ে থাকবেন। মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সহায় হোন।

লেখক

আহসান হাবিব বরুন

সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, ‘আমার দিন’। 

ই-মেইল: [email protected]

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

‘শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’

‘শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’

হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই

হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই

পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই

রুহুল কবির রিজভী পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই

হাসিনাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন...

হাসিনাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন...

আরও পড়ুন

সরকার পাসপোর্ট দিলেও কি ফিরবেন হাসিনা?

সরকার পাসপোর্ট দিলেও কি ফিরবেন হাসিনা?

কবি নজরুলের সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালি মুসলিম জাতীয়তাবাদ

কবি নজরুলের সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালি মুসলিম জাতীয়তাবাদ

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: জনগণের প্রত্যাশা, বিচার ও নতুন বন্দোবস্তের সমীকরণ

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: জনগণের প্রত্যাশা, বিচার ও নতুন বন্দোবস্তের সমীকরণ

দৃষ্টিপাত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যে বার্তা দিচ্ছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যে বার্তা দিচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম