কবি নজরুলের সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালি মুসলিম জাতীয়তাবাদ
ড. কাজী লিয়াকত আলী
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
কবি কাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ধর্ম, বর্ণ, জাতি কিংবা শ্রেণির পরিচয় নয়, মানুষের পরিচয়ই ছিল কাজী নজরুল ইসলামের কাছে সবচেয়ে বড়। সাম্রাজ্যবাদ, শোষণ, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার কলম ছিল প্রতিবাদের অস্ত্র। হিন্দু-মুসলমানের সম্প্রীতি থেকে শুরু করে শ্রমজীবী মানুষের অধিকার, নারী-পুরুষের সমতা এবং বাঙালি মুসলমানের আত্মপরিচয়— সব ক্ষেত্রেই তার চিন্তায় ফুটে উঠেছে মুক্ত ও বৈষম্যহীন সমাজের স্বপ্ন।
বাংলা সাহিত্যের আকাশে কাজী নজরুল ইসলামের আবির্ভাব ছিল অনেকটা ধূমকেতুর মতো। তার কবিতা, গান ও প্রবন্ধে একদিকে যেমন উচ্চারিত হয়েছে পরাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ, অন্যদিকে তেমনি ছড়িয়ে পড়েছে মানবমুক্তি, সাম্য ও সম্প্রীতির আহ্বান। তিনি শুধু একটি সময়ের কবি ছিলেন না; তার চিন্তা ও দর্শন সময়ের গণ্ডি পেরিয়ে আজও মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে প্রাসঙ্গিক।
নজরুলের কাছে মানুষের চেয়ে বড় কোনো পরিচয় ছিল না। ধর্মীয় বিভাজন, জাতপাত কিংবা সামাজিক অবস্থানের ভিত্তিতে মানুষকে আলাদা করে দেখার প্রবণতাকে তিনি কখনো মেনে নেননি। তার ‘সাম্যবাদী’ কবিতার অমর উচ্চারণ— ‘গাহি সাম্যের গান/মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’— মূলত তার জীবনদর্শনেরই প্রতিফলন।
ধর্মের দেয়াল ভেঙে মানবতার ডাক
নজরুলের অসাম্প্রদায়িক চেতনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্মীয় বৈচিত্র্যের প্রতি গভীর শ্রদ্ধা। ইসলাম ও হিন্দুধর্মের ধর্মীয় অনুষঙ্গ, পুরাণ, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে তার ছিল নিবিড় পরিচয়। তাই তার সাহিত্যকর্মে একই সঙ্গে জায়গা পেয়েছে ইসলামী গজল, হামদ-নাত, শ্যামাসংগীত, ভজন ও কীর্তন।
১৯২২ সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’তেই এর স্পষ্ট প্রতিফলন দেখা যায়। ‘মোহররম’, ‘কোরবানি’, ‘খেয়াপারের তরণী’ ও ‘শাত-ইল-আরব’-এর মতো ইসলামি অনুষঙ্গের কবিতার পাশাপাশি গ্রন্থটিতে রয়েছে ‘রক্তাম্বর ধারিণী মা’ ও ‘আগমনী’র মতো হিন্দু ধর্মীয় অনুষঙ্গনির্ভর কবিতা। একই কাব্যগ্রন্থে ‘বিদ্রোহী’ ও ‘প্রলয়োল্লাস’-এর মতো কবিতাও স্থান পেয়েছে।
নজরুলের এই সাহিত্যচর্চা কোনো ধর্মীয় পরিচয়কে অস্বীকার করার প্রয়াস ছিল না। বরং তিনি বিশ্বাস করতেন, নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি অন্যের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকেও সম্মান করতে হবে। তার কাছে অসাম্প্রদায়িকতার অর্থ ধর্মহীনতা নয়; বরং ধর্মের নামে বিভেদ ও বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়ানো।
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানুষের অবস্থানকে তুলে ধরতে তিনি লিখেছিলেন—
‘ও’ কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি মরি
ও’ মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে
কেড়ে যাহারা আনিল গ্রন্থ-কিতাব সেই মানুষেরে মেরে।’
এই পঙ্ক্তিগুলোতে নজরুলের মানবতাবাদী দর্শনের গভীরতা স্পষ্ট। তার মতে, ধর্মগ্রন্থ মানুষের কল্যাণের জন্য; মানুষকে ধর্মগ্রন্থের নামে বিভক্ত করার জন্য নয়।
আপসহীন নজরুল
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শেষ পর্যায়ে হিন্দু-মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক বিরোধ যখন তীব্র হয়ে উঠছিল, তখন নজরুল তার সাহিত্য ও সংগীতের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। ১৯২৬ সালের কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গা তাকে গভীরভাবে বিচলিত করেছিল।
সেই সময়ের বাস্তবতা থেকেই তার ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতায় উঠে আসে মানবতার এক অনন্য আহ্বান—
‘হিন্দু না ওরা মুসলিম’ ওই জিজ্ঞাসে কোনজন?
কাণ্ডারী! বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা’র।’
এখানে কবি ধর্মীয় পরিচয়ের চেয়ে মানুষের জীবন ও অস্তিত্বকে বড় করে দেখেছেন। তার কাছে বিপন্ন মানুষের পরিচয় হিন্দু, মুসলমান কিংবা অন্য কোনো সম্প্রদায়ের নয়; সে সবার আগে মানুষ।
‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মোসলমান’— এই গানের মাধ্যমে তিনি দুই সম্প্রদায়ের ঐক্যকে তুলে ধরেছেন। অন্যদিকে ‘জাতের বজ্জাতি’ কবিতায় জাতপাত ও সামাজিক বিভেদের বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল স্পষ্ট।
নজরুলের এই অবস্থান কেবল কবিতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার প্রবন্ধ, গান ও বক্তব্যেও ধর্মীয় গোঁড়ামি এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ উঠে এসেছে।
শ্রমজীবী মানুষ ও নারীর অধিকার
নজরুলের সাম্যবাদী দর্শন শুধু ধর্মীয় সম্প্রীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না। সমাজের শ্রেণিবৈষম্য, অর্থনৈতিক শোষণ, জাতপাত এবং নারী-পুরুষের অসমতার বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার।
‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে তিনি এমন এক সমাজের স্বপ্ন দেখেছেন, যেখানে মানুষের মূল্যায়ন হবে তার মানবিক পরিচয়ে, সম্পদ কিংবা সামাজিক অবস্থানে নয়। ‘কুলি-মজুর’ কবিতায় শ্রমজীবী মানুষের অবদানকে সভ্যতার ভিত্তি হিসেবে তুলে ধরেছেন। যাদের শ্রমে সমাজ ও সভ্যতা গড়ে ওঠে, সেই মানুষগুলোকেই সমাজ সবচেয়ে বেশি অবহেলা করে— এই বৈপরীত্যের বিরুদ্ধে তাঁর কণ্ঠ ছিল প্রতিবাদী।
একইভাবে ‘নারী’ কবিতায় তিনি নারী-পুরুষের সমান অবদানের কথা বলেছেন। তার দৃষ্টিতে মানবসভ্যতার অগ্রযাত্রায় নারী ও পুরুষের ভূমিকা পরস্পরের পরিপূরক। তাই নারীকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই।
নজরুলের সাম্যবাদী চিন্তার মূল কথা ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠা। ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা পেশার পরিচয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল দ্ব্যর্থহীন।
বিদ্রোহের চেতনায় জাতীয়তাবাদ
নজরুলের জাতীয়তাবাদী চেতনার প্রধান ভিত্তি ছিল ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি। ব্রিটিশবিরোধী আন্দোলনে তার কবিতা ও সম্পাদিত পত্রিকা ‘ধূমকেতু’ তরুণদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল।
‘বিদ্রোহী’ কবিতায় অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে যে দুর্দমনীয় প্রতিবাদ উঠে এসেছে, তা শুধু সাহিত্যিক বিদ্রোহ ছিল না; ছিল পরাধীন জাতির মুক্তির আকাঙ্ক্ষারও প্রকাশ।
তবে নজরুলের জাতীয়তাবাদ কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। অবিভক্ত ভারতের হিন্দু-মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়েই স্বাধীনতা অর্জন সম্ভব— এমন বিশ্বাস ধারণ করতেন তিনি।
রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক মুক্তির কথাও তার জাতীয়তাবাদী দর্শনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই তার কাছে স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসকের বিদায় নয়, মানুষের ওপর সব ধরনের শোষণ ও বৈষম্যের অবসান।
বাঙালি মুসলিম জাতীয়তাবাদ
বাঙালি মুসলিম জাতীয়তাবাদের আলোচনায় ধর্মীয় পরিচয় ও ভাষাভিত্তিক সংস্কৃতির সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে। বাঙালি মুসলমান ধর্মীয় পরিচয়ে মুসলমান, আবার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে বাঙালি। এই দুই পরিচয়ের সমন্বয় থেকেই বাঙালি মুসলিম জাতীয়তাবাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরি হয়েছে।
এর ঐতিহাসিক শিকড় খুঁজতে গেলে উপমহাদেশে মুসলিম শাসনের বিস্তার, বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশ, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং মুসলমানদের রাজনৈতিক আত্মপরিচয়ের বিবর্তনের দিকে তাকাতে হয়।
মুঘল সাম্রাজ্যের পতন এবং ব্রিটিশ শাসনের বিস্তারের পর ভারতীয় মুসলমানদের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক নিরাপত্তাহীনতার বোধ তৈরি হয়। এ সময় উর্দু ভাষার বিস্তার, মুসলিম শিক্ষিত ও অভিজাত শ্রেণির বিকাশ এবং ধর্মীয় সংস্কার আন্দোলন মুসলিম পরিচয় গঠনে ভূমিকা রাখে।
হাজি শরীয়তুল্লাহ ও সৈয়দ আহমদ বেরেলভির মতো ব্যক্তিত্ব ধর্মীয় সংস্কারের মাধ্যমে মুসলমানদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের চেষ্টা করেন। পরবর্তী সময়ে স্যার সৈয়দ আহমদ খানের চিন্তায় মুসলিম রাজনৈতিক আত্মপরিচয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ধারা বিকশিত হয়।
ব্রিটিশ আমলে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মুসলমানদের পৃথক রাজনৈতিক সত্তার ধারণা শক্তিশালী হয়। এর ধারাবাহিকতায় ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলিম জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের ভাষা ও সাংস্কৃতিক অধিকার নিয়ে নতুন বাস্তবতা তৈরি হয়। ভাষা আন্দোলন, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং বাঙালির স্বাধিকার আন্দোলনের মধ্য দিয়ে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ শক্তিশালী হয়ে ওঠে। শেষ পর্যন্ত ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
এই ইতিহাসের মধ্য দিয়ে বাঙালি মুসলমানের আত্মপরিচয়ে ধর্মীয় ও ভাষাগত সত্তার সম্পর্ক নতুন মাত্রা পায়। বাঙালি মুসলিম জাতীয়তাবাদের আলোচনায় এই বিবর্তন তাই বিশেষ তাৎপর্যপূর্ণ।
বিশ্বসাহিত্যের বিদ্রোহী কবিদের সঙ্গে নজরুলের সাদৃশ্য
নজরুলের বিদ্রোহী ও মানবতাবাদী চেতনার সঙ্গে বিশ্বসাহিত্যের কয়েকজন কবির চিন্তার সাদৃশ্য পাওয়া যায়। ইংরেজ রোমান্টিক কবি লর্ড বায়রন ও পার্সি বিশ শেলির মতো তিনিও শোষণ, স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছিলেন।
বায়রনের ‘দ্য প্রিজনার অব শিলন’ এবং শেলির ‘সং টু দ্য মেন অব ইংল্যান্ড’ কবিতায় যেমন নিপীড়িত মানুষের প্রতিবাদ উঠে এসেছে, তেমনি নজরুলের ‘বিদ্রোহী’ কবিতায় উচ্চারিত হয়েছে মানুষের মর্যাদা ও মুক্তির দাবি।
আইরিশ কবি ডব্লিউ বি ইয়েটসের সঙ্গে নজরুলের মিল খুঁজে পাওয়া যায় ঔপনিবেশিকতাবিরোধী চেতনা ও জাতীয় সাংস্কৃতিক জাগরণের ক্ষেত্রে। অন্যদিকে ওয়াল্ট হুইটম্যানের মতো নজরুলও সাধারণ মানুষের শক্তি ও মর্যাদাকে সাহিত্যের কেন্দ্রে নিয়ে এসেছেন।
বিশ্বসাহিত্যের এসব কবির মতো নজরুলও সাহিত্যকে নিছক সৌন্দর্যচর্চার মাধ্যম হিসেবে দেখেননি। তার কাছে সাহিত্য ছিল মানুষের মুক্তি, অধিকার ও মর্যাদার পক্ষে দাঁড়ানোর শক্তিশালী হাতিয়ার।
বর্তমান সমাজে নজরুলের প্রাসঙ্গিকতা
নজরুলকে যুগের কবি বলা হয়। কারণ তিনি তার সময়ের সংকট, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু তার সৃষ্টির আবেদন শুধু তার সময়ের মধ্যে আটকে থাকেনি। ধর্মীয় উগ্রতা, সাম্প্রদায়িক বিদ্বেষ, সামাজিক বৈষম্য এবং মানুষের ওপর মানুষের আধিপত্যের বিরুদ্ধে তাঁর অবস্থান আজও সমান তাৎপর্য বহন করে।
স্বাধীনতার বহু বছর পরও সমাজে ধর্মের নামে বিভেদ, অসহিষ্ণুতা, মৌলবাদ ও সহিংসতার নানা প্রকাশ দেখা যায়। এসব প্রবণতা মানুষের পারস্পরিক আস্থা ও সামাজিক সম্প্রীতিকে দুর্বল করে। এমন বাস্তবতায় নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী দর্শন নতুন করে গুরুত্ব পায়।
তিনি ধর্মের বিরোধিতা করেননি; বিরোধিতা করেছেন ধর্মের অপব্যবহার, গোঁড়ামি ও বিভেদের। নিজের ধর্মীয় বিশ্বাস অটুট রেখেও অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা বহুত্ববাদী সমাজ গঠনের অন্যতম ভিত্তি হতে পারে।
নজরুলের জীবন ও সাহিত্য আমাদের মনে করিয়ে দেয়, মানুষের পরিচয় কোনো সংকীর্ণ গণ্ডিতে আটকে থাকতে পারে না। যে সমাজে শ্রমজীবী মানুষ মর্যাদা পায়, নারী-পুরুষ সমান অধিকার ভোগ করে এবং ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হয় না, সেই সমাজই ছিল তার কাঙ্ক্ষিত সমাজ।
