Logo
Logo
×

Advertisement

ক্যাম্পেইন

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে পাঁচ বিভাগে যাচ্ছে ‘অরেঞ্জ ডোর’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে পাঁচ বিভাগে যাচ্ছে ‘অরেঞ্জ ডোর’

Advertisement

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং পরিবারে প্রচলিত বৈষম্যমূলক আচরণ নিয়ে সচেতনতা তৈরিতে দেশের পাঁচ বিভাগে ঘুরছে ‘অরেঞ্জ ডোর’ ক্যাম্পেইনের ভ্রাম্যমাণ ট্রাক। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নেতৃত্বে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অংশীদারত্বে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ ক্যাম্পেইন বাস্তবায়িত হচ্ছে। এতে অর্থায়ন করছে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাস।

কমলা রঙের দরজার আদলে তৈরি ট্রাকটির ভেতরে রয়েছে দুটি কক্ষ। ঘরের যেসব আচরণ ও ধারণাকে দীর্ঘদিন ধরে ‘স্বাভাবিক’ বলে মেনে নেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে তরুণদের নতুন করে ভাবতে এবং প্রশ্ন তুলতে উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের আন্তর্জাতিক প্রচারাভিযানের অংশ হিসেবে ট্রাকটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও বরিশাল বিভাগে যাবে। ক্যাম্পেইনের মূল প্রশ্ন, ‘আমাদের জন্য কি এইটাই স্বাভাবিক, নাকি সহিংসতা?’

ট্রাকের প্রথম কক্ষের নাম ‘যখন ঘর নিরাপদ নয়’। সেখানে দেয়ালে তুলে ধরা হয়েছে পরিবারের মধ্যে প্রচলিত কিছু পরিচিত ধারণা—‘সংসার টিকিয়ে রাখতে মেয়েদেরই সবকিছু সহ্য করতে হয়’, ‘স্বামী রাগ করলে চুপ থাকতে হয়’ এবং ‘পরিবারের সম্মানের জন্য ঘরের কথা বাইরে বলা যাবে না’। প্রতিটি বক্তব্যের পাশে রাখা হয়েছে প্রশ্ন—‘সত্যিই কি তাই?’

এসব ধারণা কীভাবে ধীরে ধীরে বৈষম্য, অসম ক্ষমতা, নিয়ন্ত্রণ ও নীরবতা তৈরি করে এবং একপর্যায়ে পারিবারিক সহিংসতাকে স্বাভাবিক করে তোলে, তা তুলে ধরা হয়েছে এই কক্ষে।

অন্যদিকে, কমলা দরজা পেরিয়ে দ্বিতীয় কক্ষে দেখা যাবে ‘যখন ঘর নিরাপদ’—এমন একটি পরিবারের চিত্র। সেখানে সম্মান, আস্থা, সমতা, ঘরের কাজ ভাগাভাগি এবং খোলামেলা আলোচনার মাধ্যমে পারিবারিক সম্পর্ক গড়ে তোলার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাকসান্দ বলেন, ‘ঘরের সহিংসতা সাধারণত হাত তোলা দিয়ে শুরু হয় না। শুরু হয় সেই কথাগুলো দিয়ে, যেগুলো আমরা প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক বলে মেনে এসেছি। অরেঞ্জ ডোরের মাধ্যমে আমরা চাই, তরুণেরা এই পার্থক্য নিজের চোখে দেখুক এবং ঘরে পালন করা যায় এমন একটি অঙ্গীকার নিয়ে ফিরুক।’

ক্যাম্পেইন শেষে প্রত্যেক দর্শনার্থীকে দেওয়া হবে একটি ‘অরেঞ্জ প্লেজ কার্ড’। ‘আজ থেকে আমি…’ দিয়ে শুরু হওয়া এই কার্ডে তারা পরিবারে নিজেদের আচরণে একটি বাস্তব পরিবর্তনের অঙ্গীকার লিখবেন। যেমন—ঘরের কাজ ভাগ করে নেওয়া কিংবা পরিবারের অন্য সদস্যদের কথা মনোযোগ দিয়ে শোনা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তরুণদের মিলনকেন্দ্র, বাজারসহ বিভিন্ন জনবহুল স্থানে ট্রাকটি অবস্থান করবে। আয়োজকদের লক্ষ্য, নারী ও কন্যাশিশুর পাশাপাশি ছেলে ও তরুণ পুরুষদেরও পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং সমতার আলোচনায় যুক্ত করা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্ধ্যত্ব থেকে বাঁচতে নারীদের লাইফস্টাইলে যে পরিবর্তন আনা জরুরি

বন্ধ্যত্ব থেকে বাঁচতে নারীদের লাইফস্টাইলে যে পরিবর্তন আনা জরুরি

পুরুষদের বন্ধ্যত্বের ৬ কারণ

পুরুষদের বন্ধ্যত্বের ৬ কারণ

প্রাকৃতিকভাবে প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

প্রাকৃতিকভাবে প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

দেশে প্রকট হচ্ছে নারী-পুরুষের বন্ধ্যত্ব, প্রতিকারের কী উপায়?

দেশে প্রকট হচ্ছে নারী-পুরুষের বন্ধ্যত্ব, প্রতিকারের কী উপায়?

নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর কে এই আবের কাওয়াস

নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর কে এই আবের কাওয়াস

পিরিয়ড না হলেও ওষুধ খান, জানেন কী ক্ষতি?

পিরিয়ড না হলেও ওষুধ খান, জানেন কী ক্ষতি?

আরও পড়ুন

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে পাঁচ বিভাগে যাচ্ছে ‘অরেঞ্জ ডোর’

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে পাঁচ বিভাগে যাচ্ছে ‘অরেঞ্জ ডোর’

স্কুলশিক্ষককে বাঁচাতে সাহায্যের আবেদন

স্কুলশিক্ষককে বাঁচাতে সাহায্যের আবেদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম