প্রাকৃতিকভাবে প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
প্রাকৃতিকভাবেও প্রজনন স্বাস্থ্য ভালো রাখা যায়। ছবি : সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মানুষ বিয়ে বা অন্য কোনো বৈধ মাধ্যমে নিজের ডিএনএ পৃথিবীতে রেখে যেতে চায়। বংশগতি রক্ষা, নিঃশর্ত ভালোবাসা, জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাওয়া বা নিজেকে নতুনভাবে আবিষ্কার করার জন্যও মানুষ সন্তান চায়। কিন্তু, এক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে নারী-পুরুষের বন্ধ্যত্ব। বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বর্তমানে দেশে বন্ধ্যত্বের হার খুব বেশি। প্রতি ছয় দম্পতির একজন এ সমস্যায় ভুগে। তবে এ বিষয়ে এখনও কোনো সঠিক সরকারি পরিসংখ্যান নেই। এ অবস্থা চলতে থাকলে একসময় সমস্যাটি প্রকট আকার ধারণ করবে। তবে প্রাকৃতিকভাবেও প্রজনন স্বাস্থ্য ভালো রাখা যায়। তবে এর জন্য কিছু নিয়ম মানতে হয়।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, বন্ধ্যত্ব বলতে অন্তত ১২ মাস নিয়মিত অনিরাপদ যৌনমিলনের পরও গর্ভধারণ করতে না পারাকে বোঝায়। নারীর বয়স ৩৫ বছর বা তার বেশি হলে ৬ মাস পর থেকেই এটি বিবেচনা করা হয়। এটি পুরুষ বা নারী—উভয়ের প্রজননতন্ত্রের সমস্যার কারণেই হতে পারে। তবে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের এ সমস্যার জন্য অভিযুক্ত করা হয়।
প্রাকৃতিকভাবে প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়
প্রাকৃতিকভাবে প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাদ্য, নিয়মিত পরিমিত ব্যায়াম, স্বাস্থ্যকর ওজন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ সবচেয়ে কার্যকর। বেরি ফল, সবুজ শাকসবজি (যেমন : পালং শাক), বাদাম ও বীজ প্রজনন কোষকে সুরক্ষা দেয়। ফোলেট, আয়রন, জিংক এবং ভিটামিন সি, ডি ও ই সমৃদ্ধ খাবার খান। প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য পালং শাক, হোল গ্রেইন ও বাদাম খেতে হবে। তৈলাক্ত মাছ (ওমেগা-৩ সমৃদ্ধ), ডিম, ডাল ও শিম হরমোনের ভারসাম্য এবং রক্তসঞ্চালনে সহায়ক।
পর্যাপ্ত পানি: প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন (সাধারণত ৬–৮ গ্লাস বা তার বেশি), যা শরীরের স্বাভাবিক কার্যকারিতা ও রক্তসঞ্চালন বজায় রাখে।
যা এড়িয়ে চলবেন: ট্রান্স ফ্যাট, অতিরিক্ত চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট কমান। ক্যাফেইন ও অ্যালকোহল সীমিত বা বর্জন করুন এবং ধূমপান পুরোপুরি বন্ধ রাখুন।
বাংলাদেশে বন্ধ্যত্বের চিকিৎসা ও বিদেশগমন প্রবণতা
বাংলাদেশে বন্ধ্যত্বের আধুনিক চিকিৎসা এখন দেশেই অনেকটা সহজলভ্য হওয়ায় আগের তুলনায় বিদেশমুখিতা কিছুটা কমলেও, গোপনীয়তার খোঁজে এখনো উল্লেখযোগ্য সংখ্যক দম্পতি ভারত ও থাইল্যান্ডে যাচ্ছেন।
এ বিষয়ে ডা. মোসা. জেসমিন আক্তার বলেন, বর্তমানে দেশে বন্ধ্যত্বের হার খুব বেশি। প্রতি ছয় দম্পতির একজন এ সমস্যায় ভুগে। তবে এ বিষয়ে এখনও কোনো সঠিক সরকারি পরিসংখ্যান নেই। এ অবস্থা চলতে থাকলে এক সময় সমস্যাটি প্রকট আকার ধারণ করবে। এখন দেশে বন্ধ্যত্বের ৮৫ থেকে ৯০ শতাংশ রোগীর চিকিৎসা হয়। এ সমস্যায় ভোগা দম্পতিদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বেশি বয়সে এ রোগের চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব। বিশেষ করে ৪০-৪৫ বছর বয়সি নারীদের প্রজননতন্ত্রে পর্যাপ্ত ডিম্বাণু থাকে না। দেশে বন্ধ্যত্বের আধুনিক চিকিৎসা রয়েছে। বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ইনফার্টিলিটি বিভাগ রয়েছে। এছাড়া রয়েছে বিশেষায়িত ল্যাব। এ কারণে টেস্ট টিউব বেবি, আইভিএফ ও ল্যাপারোস্কপিকসহ সব ধরনের উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে।
দেশে মানসম্মত চিকিৎসা থাকা সত্ত্বে কেন বন্ধ্যত্ব সমস্যা নিয়ে রোগীরা ভারত বা অন্য দেশে যান? এ প্রশ্নের জবাবে ডা. মোসা. জেসমিন আক্তার বলেন, আমরা মুসলিম দেশের মানুষ। আমরা অন্যের শুক্রাণু বা ডিম্বাণু দিয়ে বাচ্চা হওয়াতে সহায়তা করি না। কারণ, ধর্মীয় বিশ্বাস অনুসারে এটা অবৈধ সন্তান। কিন্তু, ভারত বা অমুসলিম দেশগুলোতে শুক্রাণু-ডিম্বাণু জমা রাখার ল্যাব রয়েছে? তারা মূলত অবৈধ বাচ্চা জন্মে সহায়তা করছে। এটা বাংলাদেশের মতো সামাজিক-ধর্মীয় পরিবেশে সম্ভব না। এছাড়া বাংলাদেশে যে বন্ধ্যত্বের ভালো চিকিৎসা হয়। এটা অধিকাংশ মানুষ জানে না। দেশের গণমাধ্যমগুলোও এ বিষয়টিতে প্রচার-প্রচারণা চালায় না। এ কারণে প্রতি বছর ছয় হাজার কোটি টাকা বিদেশে চিকিৎসাবাবদ খরচ করছে রোগীরা।
তিনি আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশে বন্ধ্যত্ব সমস্যার সমাধানে একটি জাতীয় ইনস্টিটিউট তৈরি করা হবে। এটা করতে পারলে দেশেই বেশিরভাগ রোগীর চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া বন্ধ্যত্ব সমস্যা নিয়ে কাজ করা চিকিৎসকদেরও প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ হবে।
এ বিষয়ে ডা. উম্মেল খায়ের মাহমুদা বলেন, বাংলাদেশে বন্ধ্যত্বের হার নিয়ে কোনো পরিসংখ্যান নেই। তবে উপমহাদেশে বন্ধ্যত্বের হার ১০- ১৫ শতাংশ। মেয়েদের মধ্যে এ রোগের হার বেশি এবং পুরুষদের মধ্যে তুলনামূলক কম। বর্তমানে দেশে বন্ধ্যত্বের বিশ্বমানের চিকিৎসা হচ্ছে। আমরা আইভিএফসহ বিভিন্ন উন্নতমানের চিকিৎসা দিচ্ছি। অনেক চিকিৎসক এ রোগের বিষয়ে গবেষণা ও পড়াশোনা করছেন। বিদেশ থেকে গবেষণা করে এবং ডিগ্রি নিয়ে অনেকে দেশে ফিরে এসেছেন জনসাধারণের সেবা করতে। বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ইনফার্টিলিটি বিভাগ রয়েছে।
তিনি আরও বলেন, দেশে বন্ধ্যত্বের উন্নতমানের চিকিৎসা থাকা সত্ত্বেও অনেকে তা না জানার কারণে বিদেশমুখী হচ্ছে। তবে বর্তমানে অনেকে বিদেশ থেকে বিফল হয়ে দেশে এ চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি আমার কাছে দিল্লি ফেরত এক রোগী এসেছেন। আশা করি ধীরে ধীরে রোগীদের বিদেশ যাওয়ার এ প্রবণতা কমবে।

