জবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ, ৮ নেতাকর্মী বহিষ্কার
Advertisement
জবি প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই অভিযোগে জবি ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন—জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজন এবং ছাত্রনেতা কাব্য সাহা। কাব্য সাহাকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অপর বিজ্ঞপ্তিতে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সদস্যসচিব শামসুল আরেফীন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন আহত হন।
এছাড়াও গত বৃহস্পতিবার রাতে কনসার্ট চলাকালীন দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

