বাড্ডায় বাসের ধাক্কায় গুরুতর আহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। বাস থেকে নামার সময় পেছন থেকে আসা দ্রুতগতির আরেকটি বাসের ধাক্কায় তিনি আহত হন।
বুধবার (১৮ নভেম্বর) সকালে মেরুল-বাড্ডা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় শফিকুল ইসলামের বাম হাতের দুটি স্থানে হাড় ভেঙে গেছে। এ ছাড়া শরীরের কয়েকটি স্থানে থেঁতলে যাওয়ার আঘাত পেয়েছেন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার বাম হাতে দুটি অস্ত্রোপচার করা হয়।
হাসপাতালটির সহকারী সার্জন ডা. ইমরান হোসেন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার দুপুরের দিকে শফিকুল ইসলামের বাম হাতে দুটি অস্ত্রোপচার করা হয়েছে। একই হাতে আরও একটি অস্ত্রোপচার করার কথা রয়েছে।
তবে বড় ধরনের অন্য কোনো আঘাত না থাকায় আপাতত তিনি ঝুঁকিমুক্ত রয়েছেন বলে জানান চিকিৎসক।
