দলীয়করণের উদ্দেশ্যে ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে’ রাকসুর মানববন্ধন
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে এবং তাদের চাওয়া-পাওয়া না বুঝলে বিএনপি সরকারের পতন আওয়ামী লীগের চেয়েও ঘৃণ্যভাবে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মুস্তাকুর রহমান জাহিদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘দলীয়করণের উদ্দেশ্যে ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে’ রাকসু আয়োজিত এক মানববন্ধনে তিনি এই হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, পাশ করার পরও যাদের বিসিএস ক্যাডার হিসেবে বাদ দেওয়া হয়েছে, তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন করা না হলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।
তিনি আরও বলেন, ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকার আমলাতন্ত্রে দলীয়করণ করেছে। বর্তমান বিএনপি সরকারও একই পথে হাঁটছে। বারবার দলীয়করণের চেষ্টা করা হলেও তারা জনগণের কাছে ধরা পড়ে যাচ্ছে। শিক্ষার্থীদের আবেগ ও চাওয়াকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হলে মেধার মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তা না হলে এই সরকারের পরিণতিও বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে ভিন্ন হবে না।
মানববন্ধনে বিজয় ২৪ হলের হল সংসদের ভিপি রাসেল মিয়া বলেন, বর্তমান সরকারকে ‘ফ্যাসিবাদের কায়দায়’ চলতে দেখা যাচ্ছে। তারা বিভিন্ন ক্ষেত্রে আমলাতন্ত্রকে দলীয়করণ করার অপচেষ্টা চালাচ্ছে। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে চাকরিপ্রার্থীদের বাদ দেওয়া অত্যন্ত নিন্দনীয়। মেধার সঠিক মূল্যায়ন না করলে পূর্ববর্তী সরকারের মতোই করুণ পরিণতি ভোগ করতে হবে।
