ঢাবিতে ছাত্রদলের দুপক্ষের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৪
Advertisement
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গত ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে আরিফুল ইসলাম তারেককে মারধর করেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ সৌরভ।
সেই ঘটনার মীমাংসা করতে এসে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন, সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ও আরবি বিভাগের শিক্ষার্থী রমজান আলী, হল শাখার সদস্য সাইফ আলী শিথিল এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ সৌরভ এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে আরিফুল ইসলাম তারেক।
ঘটনার পর রমজান আলী অচেতন হয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষে আহত উভয় পক্ষের অন্যান্যরা ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন।
জানা গেছে, সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম তারেককে সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজ সৌরভের গত ৫ অক্টোবর সংঘর্ষের ঘটনার মীমাংসার জন্য জড়ো হন ছাত্রদলের দুটি গ্রুপ এবং আরিফুল ইসলাম তারেকের বন্ধুরা। মীমাংসার একপর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষ।
তারেক বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সৌরভ মোটরসাইকেল দিয়ে তাকে প্রায় ধাক্কা দিতে যাচ্ছিলেন। এ ঘটনায় প্রতিবাদ করলে সৌরভ তাকে কয়েকবার চড় মারেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশও হয়।
এরপর মঙ্গলবার তারেক ও তার কয়েকজন বন্ধু সৌরভকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে ভয়ে সৌরভ মোটরসাইকেলটি রাস্তায় ফেলে পালিয়ে যান বলে দাবি করা হয়। পরে মোটরসাইকেলটি সূর্যসেন হলে নিয়ে যাওয়া হয় বলে জানান সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ফাইম শাহরিয়ার সাজিব।
বিরোধ মীমাংসার জন্য পরে তারেকের বন্ধুরা, একদল সাধারণ শিক্ষার্থী এবং সূর্যসেন হল ছাত্রদলের নেতাকর্মীরা সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রদলের সদস্যসচিব লিওনসহ কয়েকজন সৌরভের সঙ্গে বৈঠকে বসেন।
ফাইম শাহরিয়ার সাজিবের অভিযোগ, ওই বৈঠকের সময় লিওন তাকে মারধর করেন এবং তারাই সংঘর্ষে উসকানি দেন। তিনিও বলেন, ‘মীমাংসার সময় জহুরুল হক হল ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি নিয়ে এসে আমাদের মারধর করেন।’
তবে অভিযোগ অস্বীকার করে লিওন বলেন, আগের বিরোধের জেরে তারেক ও তার বন্ধুরা সৌরভকে মারধর করতে গিয়েছিলেন। পরে তিনি বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন এবং মল চত্বরে বৈঠকের ব্যবস্থা করেন। তার দাবি, ‘সৌরভ ক্ষমা চাওয়ার পরপরই তারা হঠাৎ আমাদের মারধর শুরু করে।’
সৌরভ বলেন, তারেকের লোকজন তার মোটরসাইকেল ‘ছিনিয়ে নিয়ে’ সেটি ফেরত দেওয়ার জন্য টাকা দাবি করেন। তবে সোমবারের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন এবং পরে আর ফোন ধরেননি।
এদিকে মারধরের ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে বুধবার দিবাগত রাতেই শাহবাগ থানায় তারেক ও তার বন্ধুদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে জানান সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রদলের সদস্যসচিব লিওন।

