জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা শুরু ৬ নভেম্বর
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্বের পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হচ্ছে। সাতটি বিষয়ে এ পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার এ সময়সূচি জানানো হয়েছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, ৬ নভেম্বর আইনতত্ত্ব বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। এরপর ১৩ নভেম্বর চুক্তি আইন ও টর্ট আইন, ২০ নভেম্বর মুসলিম আইন, ২৯ নভেম্বর ইক্যুইটি, ট্রাস্ট, সুনির্দিষ্ট প্রতিকার ও হিন্দু আইন, ৮ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান, যুক্তরাজ্যের সংবিধান ও যুক্তরাষ্ট্রের সংবিধান, ১১ ডিসেম্বর বাংলাদেশের শ্রম আইন এবং ১৮ ডিসেম্বর কর আইন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার নির্ধারিত সময় প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার চার থেকে পাঁচ দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পরীক্ষার্থীদের রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র প্রকাশ করা হবে। প্রবেশপত্রে কোনো ধরনের ভুল বা অসংগতি থাকলে পরীক্ষা শুরুর আগেই তা সংশোধন করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে কেন্দ্র ফি হিসেবে ৮০০ টাকা দিতে হবে। এ অর্থের মধ্যে ৭০০ টাকা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র এবং ১০০ টাকা পরীক্ষার্থীর কলেজ পাবে। পরীক্ষা শুরুর দুই থেকে তিন দিন আগে রোল বিবরণীর একটি কপি প্রিন্ট করে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া অনিবার্য পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ কারণে পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

