অধ্যক্ষের পদত্যাগ ও পুলিশের হামলার বিচারের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অধ্যক্ষের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আবারও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিক্স কলেজ) শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় ‘জেগেছে রে জেগেছে, হোম ইকোনমিক্স জেগেছে’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, জবাব চাই’ এবং ‘আমার বোন আহত কেন, জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
আন্দোলনকারীদের প্রথম দাবি, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে পদত্যাগ করতে হবে। তার পদত্যাগের লিখিত ঘোষণা না দেওয়া পর্যন্ত কলেজের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখতে হবে। একই সঙ্গে তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।
দ্বিতীয় দাবিতে, মধ্যরাতে কলেজ ও ছাত্রীদের আবাসিক হলে পুলিশের প্রবেশ, লাঠিচার্জ ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া ৭২ ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি জানাতে হবে বলেও দাবি তাদের।
নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনরত এক শিক্ষার্থী যুগান্তরকে বলেন, ‘সকাল ৯টা থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে জড়ো হতে থাকেন। তবে ক্যাম্পাসে সরকারি চাকরির একটি পরীক্ষা থাকায় তারা সড়কে অবস্থান নিয়ে পূর্বঘোষিত দুই দফা দাবিতে বিক্ষোভ করছেন।’

