ববিতে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারী আটক
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ তাদের বরিশাল নগর পুলিশের বন্দর থানায় হস্তান্তর করেন।
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ তাদের বরিশাল নগর পুলিশের বন্দর থানায় হস্তান্তর করেন।
এর আগে বুধবার দুপুর ২টা থেকে বিকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাদের আটক করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের মারধর করে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে তাদের আটকের পর নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক চারজন হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।
আটকের সময় কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, তাদের অফিস থেকে মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখা হয়েছিল।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও পোশাক ধরে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে মুর্শিদ আবেদিন বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে ওই কর্মকর্তা-কর্মচারীদের। দেশকে অস্থিতিশীল করতে তারা বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে ছাত্রদলের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাদের আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় চারজনকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।
বরিশাল বন্দর থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ববি কর্তৃপক্ষ অভিযোগ দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

