ইউজিসি সদস্য ড. মামুন
বেকারত্ব কমাতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের আহ্বান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন জোরদারের মাধ্যমে বেকারত্বের সমস্যা সমাধান এবং গবেষণার ফলাফল শিল্পক্ষেত্রে প্রয়োগ করে জাতীয় উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
শুক্রবার (২০ নভেম্বর) কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ‘দ্য রোল অফ অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোল্যাবোরেশন: রিসার্চ এক্সেলেন্স, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যে তাত্ত্বিক জ্ঞান অর্জন করেন, কর্মক্ষেত্রে তার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার প্রয়োজন হয়। শিল্পপ্রতিষ্ঠানগুলো যে ধরনের দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট চায়, বিশ্ববিদ্যালয়গুলো অনেক ক্ষেত্রেই সেই চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে পারছে না। এ ব্যবধান দূর করতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন জোরদার করা প্রয়োজন।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। ফলে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পরও চাকরির বাজারে প্রত্যাশিত দক্ষতা নিয়ে প্রবেশ করতে পারছেন না। এ পরিস্থিতির পরিবর্তনে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।
দেশের বেকারত্ব পরিস্থিতি তুলে ধরে ইউজিসি সদস্য বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ ২০ হাজার। এই বিপুলসংখ্যক কর্মপ্রত্যাশী মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে উচ্চশিক্ষিত তরুণদের কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে।
তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগ তৈরি করা যেতে পারে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পেশাজীবীরা নির্দিষ্ট সময় পরপর বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের পাঠদান, অভিজ্ঞতা বিনিময় এবং কর্মক্ষেত্রের বাস্তব চাহিদা সম্পর্কে ধারণা দিতে পারেন।
ইন্টার্নশিপের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. মামুন বলেন, শিক্ষার্থীদের জন্য শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে ইন্টার্নশিপ কার্যক্রম যুক্ত করা গেলে শিক্ষার্থীরা বাস্তব কর্মপরিবেশে কাজ শেখার সুযোগ পাবেন। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোও নিজেদের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল খুঁজে পাবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যৌথ গবেষণা করতে পারেন। গবেষণার ফলাফল শিল্পক্ষেত্রে প্রয়োগ করা গেলে নতুন প্রযুক্তি, পণ্য ও সেবা উদ্ভাবনের পাশাপাশি শিল্পের উৎপাদনশীলতাও বাড়বে।
সেমিনারে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালাম আকন্দ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচকিউ) মোহাম্মদ ইউসুফ আলী, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লে. (অব.) মো. আবু বকর সিদ্দিক, পরিচালক এ.কে.এম. মাহফুজুর রহমান বাপ্পী এবং মাজেস্টো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইঞ্জিনিয়ার ইসহাক রনি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অংশ হিসেবে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

-6b003de9aa7ac.jpg)