বিনামূল্যে বাংলাদেশি শিক্ষার্থীদের অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএ করার সুযোগ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ’-এর আওতায় স্নাতকোত্তর ও এমবিএ পর্যায়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ধারণা করা হয় ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয় দ্বাদশ শতাব্দীর শেষ দিকে কিংবা ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে। বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে এটি পরিচিত।
কী কী সুবিধা মিলবে?
বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের দুই বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। এর পাশাপাশি, জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য আলাদা ভাতা প্রদান করা হবে। এ ছাড়া নেতৃত্বের দক্ষতা ও নেটওয়ার্কিং বাড়াতে বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়া এবং পার্শিং স্কয়ার ফাউন্ডেশনের আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকছে।
কারা আবেদন করতে পারবেন ও কী লাগবে?
যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন, তবে আবেদনকারীর একাডেমিক ফলাফল প্রথম শ্রেণি বা সমমানের হতে হবে। পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, সামাজিক প্রভাব তৈরির প্রত্যয় এবং পেশাগত লক্ষ্যের সঙ্গে বৃত্তির উদ্দেশ্যের মিল থাকা জরুরি।
আবেদনের সময় জমা দিতে হবে—
আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (সিভি)
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও দুটি সুপারিশপত্র
পাসপোর্ট সাইজের ছবি
বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র
‘How do you intend to change the world...’ শীর্ষক ৫০০ শব্দের একটি প্রবন্ধ
কোর্স ও আবেদন পদ্ধতি
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পর্যায়ে ১৮০টির বেশি কোর্স রয়েছে, যেগুলোতে পাঠদানের পাশাপাশি গবেষণাও অন্তর্ভুক্ত। এর মধ্যে শ্রেণিকক্ষভিত্তিক ও সাধারণত এক বছর মেয়াদি মাস্টার অব সায়েন্স (এমএসসি) অন্যতম।
আবেদন করতে হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে। আবেদনের ফান্ডিং অংশে পার্শিং স্কয়ার স্কলারশিপের জন্য বিবেচিত হওয়ার আগ্রহ জানাতে হবে এবং নির্ধারিত ৫০০ শব্দের প্রবন্ধটি সংযুক্ত করতে হবে। বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

