ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছেন ৩৫ বাকৃবি শিক্ষার্থী
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডক্টর অব ভেটেরিনারি (ডিভিএম) অনুষদের ৬০তম ব্যাচের ইন্টার্নশিপের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এ সময় কৃতী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।
চলতি বছর ভেটেরিনারি সায়েন্স অনুষদের ২০২০-২১ সেশনের ডিভিএম-৬০তম ব্যাচের ১৭৯ জন শিক্ষার্থী ইন্টর্নশিপে অংশগ্রহণ করছেন। এরমধ্যে বিশ্বের ৪টি দেশে ৩৫ শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশগ্রহণ করছেন। দেশগুলোর মধ্যে মালয়েশিয়াতে ১৬ জন, থাইল্যান্ডে ১২ জন, জাপানে ৪ জন এবং নেপালে ৩ জন শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশগ্রহণ করছেন।
এছাড়াও অনুষ্ঠানে সেরা সিজিপিএ প্রাপ্ত ২০১৯-২০ সেশনের ডিভিএম-৫৯তম ব্যাচের ৮ জন কৃতি শিক্ষার্থীকে অ্যকাডেমিক অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- নুরুন লায়লা শাওন, মোছা. সাবরিনা ইয়াসমিন নুপুর, মোছা. ফাহমিদা সুলতানা জোনাকি, আফসানা মিমি, মোছা. আখি আক্তার শিলা, নওরিন জান্নাত, মো. মোরসালিন এবং মোছা. সালমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।
অনুষ্ঠানে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে ইন্টার্নশিপ কার্যক্রম চালু হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ইউজিসি থেকে অর্থায়ন পাওয়া সহজ নয়, তবে আমরা সৌভাগ্যবান যে এ কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে পারছি। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) একটি অত্যন্ত সম্মানজনক ও চ্যালেঞ্জিং ডিগ্রি এবং ভেটেরিনারি সায়েন্স অনুষদ বিশ্ববিদ্যালয়ের অন্যতম গৌরবময় অনুষদ।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা বিদেশে ইন্টার্নশিপে গিয়ে সাফল্য অর্জন করছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, তারা যেখানে ইন্টার্নশিপ করবে সেখানে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ শিখে আসবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে। কোনো ধরনের অনিয়মে জড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, আমরা জানি, উন্নত দেশগুলোতে মেধাবী শিক্ষার্থীরা ভেটেরিনারি সায়েন্সে পড়াশোনা করে। আমি ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য গর্ববোধ করি। তবে ঢাকার বাইরে অবস্থানের কারণে আমাদের এই বিশ্ববিদ্যালয় অনেক সময় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় পিছিয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষা, শিল্প ও অ্যাকাডেমিয়ার মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
তিনি আরও বলেন, সরকার আগামী পাঁচ বছরে প্রতিবছর এক লাখ করে মোট পাঁচ লাখ শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনার পরিকল্পনা করছে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতা ও যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। আমরা একটি জেন্ডার-ব্যালান্সড ক্যাম্পাস চাই। জীবনে সফলতার জন্য পরিশ্রম ও সঠিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে হবে।
