বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
রেললাইনে আগুন দেওয়ার সময় ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরল ছাত্রদল
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ এএম
আটক ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে আগুন দেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে হাতেনাতে ধরেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ।
এ সময় আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল এবং অর্থ সম্পাদক নির্জনকে হাতেনাতে ধরেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদেরকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতারা বলেন, স্বৈরাচারের দোসররা এখন দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল কখনো তা বরদাস্ত করবে না। আজকে যারা বাকৃবিতে আগুন দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে বলে জানান তারা।
ঘটনার বিষয়ে বাকৃবির সহকারী প্রক্টর ড. কাজী ফরহাদ কাদির বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে, আরেকজন পালিয়ে গেছে। তারা আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানতে পেরেছি। পরবর্তীতে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

