৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থার কার্যালয়ের বিপরীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় রেজাউল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ৫০ হাজার টাকার বিনিময়ে আইসিটির তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর জন্য রেজাউলকে ভাড়া করেন। পরিকল্পনা অনুযায়ী গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল রেকি করে মঙ্গলবার মধ্যরাতে সেখানে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটান তিনি।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ধানমন্ডি থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, মঙ্গলবার দিনগত রাত ১২টা ২৬ মিনিটের দিকে ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গলির ভেতর দিয়ে পালানোর সময় রেজাউলকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল জানিয়েছেন, আনুমানিক ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন। ওই ব্যক্তি তাকে আইসিটির তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেন। এ কাজের বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়।
পুলিশ জানায়, ওই পরিকল্পনার অংশ হিসেবে গত ২৮ সেপ্টেম্বর রেজাউল ঘটনাস্থল রেকি করেন। পরে মঙ্গলবার দিনগত মধ্যরাতে সেখানে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গলির ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার রেজাউলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির কর্মকর্তা।
