অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার
গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
আশরাফুল ইসলাম সজল। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর গালাগালিসহ ফেসবুকে পোস্ট দেওয়ার পর আশরাফুল ইসলাম সজল (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জন্য নয়, বরং সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আশরাফুল ইসলাম সজল উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টি শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে দাবি করেছেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মামুন হাসান।
জানা গেছে, সজলের ফেসবুকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তার আইডিতে গিয়ে সেই স্ট্যাটাস পাওয়া যায়নি। তার দেওয়া ফেসবুক পোস্টের ছড়িয়ে পড়া স্ক্রিনশটে অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে দাবি করে বর্তমান সরকার ও সরকারপ্রধানকে নিয়ে অত্যন্ত অশালীন ভাষায় গালির তথ্য দেখা গেছে। ওই স্ক্রিনশটে পল্লীবিদ্যুতের একটি বিলের অনলাইন কপি শেয়ার করা হয়েছে।
গ্রেফতার সজলের মা আসমা আক্তার বলেন, আমার ছেলে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে একটি পোস্ট দিয়েছিল। পুলিশ তাকে জানিয়েছে, ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্য করায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, অনেকেই এই পোস্ট ডিলিট করতে বলেছে। এর পর আমার ছেলে পোস্ট ডিলিট করে দেয়। তবুও তাকে গ্রেফতার করা হলো, এটা মানতে পারি না।
জাতীয় নাগরিক পার্টির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ নিন্দা জানিয়ে বলেন, সজল আমাদের কর্মী। দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাকে গ্রেফতার করা হলো। প্রশাসন এখনো নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তাদের ফ্যাসিবাদী কাজ চলছেই। সে ধারাবাহিকতায় সজলকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। কোনো ফেসবুক স্ট্যাটাসের জন্য নয়, বরং আমরা তাকে গ্রেফতারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাস দেখেছি। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

-6abb9094bc9bb.jpg)