ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর এ কে খান শ্যামল (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় এ কে খান শ্যামলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মৃত এ কে খান শ্যামলের বাবার নাম মো. শামসুদ্দিন। শ্যামল কোন মামলায় কারাগারে বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কারারক্ষী সাইমন রহমান জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শ্যামল। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে এ কে খান শ্যামলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।
ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এ কে খান শ্যামলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

