মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মুসলিম উম্মাহর কল্যাণ, ঐক্য, সংহতি ও মানবিক সহায়তায় সৌদি আরবের ভূমিকা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দেশের আলেমরা।
তারা বলেন, মক্কা-মদিনা মুসলিম উম্মাহর হৃদয়ের কেন্দ্রবিন্দু। পবিত্র দুই মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববী (সা.)-এর ব্যবস্থাপনা এবং হজ ও ওমরাহ কার্যক্রম পরিচালনায় সৌদি আরব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।
মঙ্গলবার রাজধানীর উত্তরায় মানহাল একাডেমি মিলনায়তনে ‘মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। নূরুন আলা নূর ফাউন্ডেশন ও মানহাল একাডেমির যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা।
আলোচনায় অংশ নেন আত-তাওহীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শায়খ ড. শহীদুল্লাহ খান মাদানী, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শায়খ জাহিদ হাসান মাদানী, শায়খ সরোয়ার হোসেন ও শায়খ আবদুল্লাহ মাহমুদ আজহারী।
বক্তারা বলেন, সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ, ইসলামিক সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। প্রতিবছর বিপুলসংখ্যক কুরআন মাজিদ ও ইসলামি গ্রন্থ বিনামূল্যে বিতরণ করা হয়।
পাশাপাশি কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার-এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা দেওয়া হচ্ছে।
তারা আরও বলেন, ফিলিস্তিন, মিয়ানমার, বাংলাদেশ, ইয়েমেন ও বসনিয়াসহ বিভিন্ন দেশে সৌদি আরব মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করেছে। মুসলিম দেশগুলোর পারস্পরিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুসলিম উম্মাহর স্বার্থ সংরক্ষণেও দেশটি কূটনৈতিকভাবে কাজ করছে।
সেমিনারে বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি, উন্নয়ন, ধর্মীয় কল্যাণ, মানবিক সহায়তা ও আন্তর্জাতিক কূটনীতিতে সৌদি আরবের ভূমিকা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
