শাহজালালে প্রবাসীদের জন্য যুক্ত হলো ১৫০টি নতুন ট্রলি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ট্রলিগুলো বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ ও মালামাল বহনের সুবিধার্থে ১৫০টি নতুন প্যাসেঞ্জার ট্রলি যুক্ত করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ট্রলিগুলো বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রবাসী কর্মীদের বিমানবন্দরে সেবা সহজতর করতে বোর্ডের উদ্যোগে মোট ২০০টি নতুন ট্রলি প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১৫০টি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া হয়েছে। বাকি ৫০টি পর্যায়ক্রমে চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরবরাহ করা হবে।
হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বিমানবন্দরে আসা-যাওয়ার সময় ট্রলির সংকটে যাতে তাদের ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও রিয়াদ বিমানবন্দরকেন্দ্রিক ফ্লাইট জটিলতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রিয়াদ বিমানবন্দরকেন্দ্রিক সমস্যার কারণে প্রবাসীদের বিকল্প রুটে, যেমন মদিনা হয়ে, অথবা অন্য এয়ারলাইন্সের মাধ্যমে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা চলছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনগুলো।
সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত দুই বাংলাদেশির লাশ দেশে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিমানের ফ্লাইট বন্ধ থাকায় লাশ ফিরিয়ে আনতে সমস্যা হচ্ছে। অন্য এয়ারলাইন্সের মাধ্যমে লাশ দুটি দেশে আনার প্রক্রিয়া চলছে।
তিনি জানান, নিহতদের একজন বগুড়া এবং অন্যজন কুমিল্লার বাসিন্দা।
এ ছাড়া রিয়াদে হামলার পর সেখানে আটকে পড়া ওমরাহযাত্রী ও প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ মিশন সমন্বিতভাবে কাজ করছে। এ বিষয়ে আগামী এক-দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদসহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

