মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে লাঠিপেটা
Advertisement
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছেন কয়েকজন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কালশী সড়কে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মো. সাইমন বর্তমানে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১১ এলাকা থেকে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিলে তারা কালশীর দিকে চলে যান। এ সময় পল্লবী থানা থেকে কয়েকজন পুলিশ সদস্য মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় কনস্টেবল সাইমনকে পেয়ে তার ওপর হামলা চালানো হয়।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করছেন। এ সময় কয়েকজন তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষের সময় মেট্রো স্টেশনের ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন যাত্রী।
সকাল থেকেই পল্লবীর শিল্পাঞ্চলে বিভিন্ন পোশাক কারখানার সামনে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন। তাদের কারও কারও হাতে লাঠিসোঁটাও দেখা যায়। পরে শ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া হয়।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, পূরবী শিল্প এলাকার বিভিন্ন গলি থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনকারীদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।

-6ae9a0b2c073d.jpg)