৫ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার
তুরাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
গ্রেফতার আওয়ামী লীগ নেতা মো. সোলেমান ওসমান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর তুরাগে পাঁচ মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. সোলেমান ওসমানকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তুরাগের দিয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোলেমান ওসমান তুরাগ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তুরাগ থানা আওয়ামী লীগের বর্তমান যুগ্ম আহ্বায়ক। তিনি তুরাগের শুক্রভাঙ্গা মোড় এলাকার বাসিন্দা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান।
পুলিশ জানায়, সোমবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে তুরাগের দিয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে সোলেমান ওসমানকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার সোলেমান তুরাগসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ও আদালতে মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২১ সালের একটি মামলা এবং চেকসংক্রান্ত চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতার সোলেমান ওসমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

