রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগ ও সৈনিক লীগের চার নেতাকর্মী গ্রেফতার
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সৈনিক লীগের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরের রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ক ও সৈনিক লীগের এক সাবেক সাংগঠনিক সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের রূপনগর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) ও মো. জাহিদ (২৬)।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে রূপনগর থানাধীন রূপনগর টিনশেডের ৮ নম্বর রোডের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালানো হয়। অভিযানে ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে একটি মিছিল বের করার প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিরা রূপনগর থানাসহ ডিএমপির বিভিন্ন থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ বিষয়ে তাদের সংশ্লিষ্টতার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতার শাকিল হাসান আলিফের স্থায়ী বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার আফাল কাটি এলাকায়। নাহিদ ইসলামের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার পশ্চিম আঙ্গারিয়া এলাকায়। গোলাম রাব্বি ও জাহিদও রূপনগর টিনশেড এলাকায় বসবাস করেন।
এ বিষয় রূপনগর থানার ওসি এবি সিদ্দিক গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিছিলের প্রস্তুতিকালে সোমবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

-6afad4e12e1ba.jpg)