মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশের কাজ শেষের দিকে, চালু হবে কবে?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলা মেট্রোরেলের কমলাপুর পর্যন্ত যাওয়ার সূচি অনেক আগে থেকেই নির্ধারিত হয়ে ছিল। তবে মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজে ধীরগতির কারণে বারবার বদলেছে এই অংশের উদ্বোধনের দিনক্ষণ। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাইয়ে মতিঝিল-কমলাপুর অংশে বাণিজ্যিক যাত্রী পরিবহন শুরুর লক্ষ্য ঠিক করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্যমতে, এমআরটি লাইন-৬-এর চালু অংশ ২০.১০ কিলোমিটার। নতুন অংশ যুক্ত হবে ১.১৬ কিলোমিটার। ফলে মোট রুট হবে ২১.২৬ কিলোমিটার, স্টেশন ১৭টি।
গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অংশে পূর্তকাজ এগিয়েছে ৮৪.৮৫ শতাংশ, আর বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজ ৫৮ শতাংশ। মূল কাঠামো আগামী ৩১ ডিসেম্বরের আগেই দাঁড়িয়ে যাবে। উড়ালপথের নির্মাণ শেষ হয়ে রেললাইন বসানোর জন্য ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কমলাপুর স্টেশনের মূল কাঠামোও দাঁড়িয়ে গেছে; এখন চলছে ভেতরের সাজসজ্জা, বিদ্যুৎ ও যান্ত্রিক সরঞ্জাম বসানো এবং যাত্রীদের প্রবেশ-বহির্গমন পথ তৈরির কাজ। স্থাপত্য ও আনুষঙ্গিক কাজ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
তবে অবকাঠামো তৈরি হলেই ট্রেন চালানো যাবে না। রেললাইন, বিদ্যুৎ সরবরাহ, সংকেতব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়, প্ল্যাটফরমের নিরাপত্তা দরজা, টেলিযোগাযোগ, লিফট ও এসকেলেটর চালু করতে হবে। এরপর সমন্বিত পরীক্ষা ও পরীক্ষামূলক ট্রেন চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করা বাকি। এসবের অগ্রগতির ওপরই নির্ভর করছে নির্ধারিত সময়।
চালুর সময় আগেও বদলেছে। শুরুতে বলা হয়েছিল ২০২৭ সালের ১ জানুয়ারি, পরে এপ্রিল-মে, আর পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি ধরে এপ্রিলের কথাও এসেছিল। এবার তা গিয়ে ঠেকেছে ২০২৭ সালের জুলাইয়ে।
