স্মৃতিশক্তি প্রখর করতে প্লেটে রাখুন ৫ খাবার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে দৈনন্দিন খাদ্যাভ্যাস। স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা এবং সামগ্রিক ব্রেন হেলথ ভালো রাখতে কোন কোন খাবার খেতে পারেন, সেই তালিকাই সম্প্রতি তুলে ধরেছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠি।
এই চিকিৎসকের মতে, কয়েকটি সাধারণ খাবারে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, কোলিন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপার এবং বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা বাড়াতে পারে।
তালিকার প্রথমেই রয়েছে আখরোট। এতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। ডা. শেঠির মতে, এই উপাদানগুলো অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহর প্রভাব থেকে মস্তিষ্কের নিউরনকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে। ফলে স্মৃতিশক্তি এবং কগনিটিভ ফাংশন বা চিন্তাভাবনার ক্ষমতার জন্যও এটি উপকারী হতে পারে।
দ্বিতীয় খাবার ডিম। প্রোটিনের পাশাপাশি ডিমে রয়েছে কোলিন। এই পুষ্টি উপাদান অ্যাসিটাইলকোলিন নামের একটি নিউরোট্রান্সমিটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। স্মৃতি, শেখার ক্ষমতা এবং মস্তিষ্কের কোষগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখতে এই নিউরোট্রান্সমিটার প্রয়োজনীয়।
তৃতীয় স্থানে রয়েছে স্যালমনের মতো ফ্যাটযুক্ত মাছ। এই ধরনের মাছে ডিএইচএ এবং ইপিএসহ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। বিশেষ করে ডিএইচএ মস্তিষ্কের কোষের ঝিল্লির একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং নিউরনের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।
কুমড়ার বীজও রয়েছে চিকিৎসকের তালিকায়। এতে ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং কপার পাওয়া যায়। জিঙ্ক স্নায়ুর সংকেত আদান-প্রদানে সাহায্য করে। অন্যদিকে ম্যাগনেশিয়াম মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজের সঙ্গে যুক্ত।
সব শেষে রয়েছে বেরি জাতীয় ফল। এতে থাকা পলিফেনল ও অ্যান্থোসায়ানিন অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। বয়সের সঙ্গে কগনিটিভ ক্ষমতা কমে যাওয়ার গতিও কিছু ক্ষেত্রে ধীর করতে পারে এসব উপাদান।
তবে শুধু এই পাঁচ খাবার খেলেই স্মৃতিশক্তি বাড়বে, এমন দাবি করা যায় না। সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা এবং মানসিক সক্রিয়তাও মস্তিষ্ক সুস্থ রাখার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। সূত্র: দ্য ওয়াল

