Logo
Logo
×
   

সারাদেশ

সভা শেষে ফেরার পথে প্রাণ গেল বিএনপির তিন কর্মীর

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম

সভা শেষে ফেরার পথে প্রাণ গেল বিএনপির তিন কর্মীর

বাগেরহাটের রামপালে বাসের ধাক্কা ও ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা বিকালে ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের এক নির্বাচনি সভা শেষে মোটরসাইকেলে বাড়ির পথে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়, পরে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আমরা পুলিশকে হস্তান্তর করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে সভা শেষে ফেরার পথে নিজ দলের তিন কর্মীর মৃত্যুতে নিহতদের পরিবারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া বইছে।

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, সড়ক দুর্ঘটনায় যে তিনজন মারা গেছেন তারা আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। একটি দলীয় সভা থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়। তাদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .