সংবাদ সম্মেলন করে সপরিবারে আ.লীগ ছাড়লেন সাবেক কাউন্সিলর
Advertisement
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের সব সম্পৃক্ততা থেকে অব্যাহতি নিয়েছেন মাদারীপুরের রাজৈর পৌরসভা আওয়ামী লীগ নেতা মো. বাবুল বাঘা (বাবলু)। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নিজ বাড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব স্বরমঙ্গল গ্রামে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। এ সময় তার স্ত্রী-ছেলে, ভাই-ভাবিসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর বাবুল বাঘা (বাবলু) সংবাদ সম্মেলনে বলেন, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আমি আওয়ামী লীগের সব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি। তবে রাজৈরে আওয়ামী লীগের দুই গ্রুপের (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান গ্রুপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা গ্রুপ) কোনো কমিটিতে আমার নাম আছে কিনা জানা নাই। যদি আমার অজান্তে কেউ কোনো পদে আমার নাম দিয়ে থাকে, তাহলে সেখান থেকেও পদত্যাগ করছি। আর কোনো দিনও রাজনীতির সঙ্গে জড়াব না, রাজনীতি করব না। দীর্ঘদিন যাবত হার্টের সমস্যা, শ্বাসকষ্ট, কোলেস্টেরল ও প্রেশারসহ নানান রোগে ভুগছি। প্রতি মাসে অনেক ওষুধ খাওয়া লাগে। স্থানীয়ভাবে এবং ঢাকায় ডাক্তার দেখাতে হয়।
তিনি আরও বলেন, বিগত দিনে পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর ছিলাম। ওই সময় এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক লোকজনের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল; কিন্তু কোনোদিন আওয়ামী লীগের কোনো মিটিং মিছিলে যাইনি। কাউন্সিলর নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছি। যদি কাউন্সিলর থাকা অবস্থায় কাউকে কষ্ট দিয়ে থাকি এবং চলাফেরায় কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন।
বাবুল বাঘার স্ত্রী ময়না বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবত অসুস্থ। আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি সে আর রাজনীতিতে থাকবে না।
ভাবি শিল্পী বেগম বলেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি আমার দেবরকে আর কখনো রাজনীতিতে জড়াতে দেব না। সে দীর্ঘদিন যাবত অসুস্থ। হার্ট ও শ্বাসকষ্টসহ নানা সমস্যা রয়েছে তার।
শিশু ছেলে মোন্তাছির বাঘা বলেন, আমার বাবা আর রাজনীতি করবেন না। করতে দেব না।
ভাই বাদল বাঘা বলেন, আমার ভাই অসুস্থ। তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নিছি সে আর কোনো দিন রাজনীতি করবে না। তাই আজ থেকে অব্যাহতি ঘোষণা করা হলো।
