Logo
Logo
×
   

সারাদেশ

নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র করছে পলাতক আ.লীগ: জি কে গউছ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র করছে পলাতক আ.লীগ: জি কে গউছ

হবিগঞ্জ রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের কাছে মনোনয়ন জমা দিয়েছেন আলহাজ্ব জিকে গাউছ। ছবি: যুগান্তর

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেছন, নির্বাচনে প্রতিবন্ধকতা তো আছেই। পলাতক আওয়ামী লীগ এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তারা তো বসে নেই। নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র করছে। তারা সুযোগ পেলেই নির্বাচনকে বিলম্বিত, বন্ধ করার অপতৎপরতায় লিপ্ত আছে। আমরা বিশ্বাস করি দেশের ১৮ কোটি মানুষ মনস্থির করে ফেলেছেন তারা এবার সুন্দরভাবে ভোটে অংশ নেবেন। কোনো শক্তিই এ নির্বাচনকে দমিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, গত ১৭ বছর জাতীয় নির্বাচন করার কোনো পরিবেশ ছিল না বলে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ নিতে পারেনি। ইতোমধ্যে দলে অনেক যোগ্য মানুষ তৈরি হয়েছেন। প্রতিটি আসনে বিএনপির ৩ থেকে ৭ জন পর্যন্ত এমপি হওয়ার মতো যোগ্য মানুষ মাঠে কাজ করেছেন। আমাদের দল একজনকে মনোনয়ন দিয়েছে। বাকিরা আগ্রহে ছিলেন- এলাকার চাপ ছিল তারা হয়তো কেউ কেউ মনোনয়ন ফরম তুলেছেন। দিন শেষে আমরা সবাই বিএনপি কর্মী। ধানের শীষ যার আমরা তার। একজন মানুষও স্বতন্ত্র নির্বাচন করবেন না। দলের বাইরে কেউ যাবেন না। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যদি কেউ দলের সিদ্ধান্তকে অমান্য করে দলকে চ্যালেঞ্জ করেন, নিজেকে বড়ত্ব জাহির করতে চান তাহলে দল তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ-৩ আসনে নিজের মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ২০২৪ সালের বিপ্লবে হবিগঞ্জের প্রথম শহীদ রিপন শীলের মাসহ দলের সিনিয়র নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .