পুলিশের সঙ্গে অসৌজন্য আচরণ
বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
নাজিরুল ইসলাম নাজির। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়া শহরে আইন অমান্য করার পরও কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় নাজিরুল ইসলাম নাজির নামে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শাজাহানপুর উপজেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে সহ-যুব বিষয়ক সম্পাদক ওই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে জানা গেছে, নাজিরুল ইসলাম নাজির বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক। তিনি গত ১ জানুয়ারি প্রাইভেটকার নিয়ে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে এসে ট্রাফিক আইন লঙ্ঘন করেন। কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি (নাজির) ক্ষিপ্ত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সংক্রান্ত ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
জনগণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে বিএনপি নেতা নাজিরুল ইসলাম নাজির এ ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। এরপরও তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান মামুন বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে নাজিরুল ইসলাম নাজিরকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তবে শনিবার বিকাল পর্যন্ত ট্রাফিক পুলিশের পক্ষে ওই বিএনপি নেতার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
