Logo
Logo
×

সারাদেশ

গাছের গুঁড়িতে ভরে গাঁজা পাচারের চেষ্টায় মাদক কারবারি গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

গাছের গুঁড়িতে ভরে গাঁজা পাচারের চেষ্টায় মাদক কারবারি গ্রেফতার

গাছের গুঁড়ির মধ্যে বিশেষ ব্যবস্থায় ৩৬ কেজি গাঁজা পাচারের সময় মাইক্রোবাসসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশের একটি দল। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে দুপচাঁচিয়া উপজেলার থানা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

বগুড়ার ওসি ডিবি ইকবাল বাহার জানান, গোপনে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যার দিকে দুপচাঁচিয়া উপজেলার থানা বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাস আটক করা হয়। এরপর ওই মাইক্রোবাসের ভিতরে গাছের কয়েকটি গুঁড়ি পাওয়া যায়। গুঁড়িগুলো কুড়াল দিয়ে চিড়ে এর ভিতরে ৩৬ কেজি ওজনের গাঁজা পাওয়া যায়। 

গুঁড়িগুলোর মধ্যে ফাঁকা করে বাক্সের মত জায়গা তৈরি করা হয়। এর মধ্যে বিশেষ কায়দায় ওই পরিমাণ গাঁজা লুকিয়ে নিয়ে পাচার করা হচ্ছিল। 

ওসি ডিবি আরো জানান, শুক্রবার বিকালে মাইক্রোবাসটি বগুড়া শহর থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। এর আগে বগুড়া শহরের চারমাথায় ওই মাইক্রোবাসটিকে আটকের চেষ্টা করা হয়েছিল। চালক মাইক্রোবাসটি নিয়ে নওগাঁর দিকে পালিয়ে যেতে থাকলে ডিবি টিম গাড়ি নিয়ে পিছু নেয়। 

এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যার দিকে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসটিকে আটক করা হয়।পরে ভিতরে থাকা গাছের গুঁড়িগুলো কেটে ভিতরে গাঁজাগুলো পাওয়া যায়। এ সময় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গুড্ডিমারী এলাকার আবদুল খালেকের ছেলে মাদক কারবারি মিজানুর রহমানকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় মাইক্রোবাসে থাকা দ্ইু কারবারি পালিয়ে গেছেন। 

দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন জানিয়েছেন, আইনগত ব্যবস্থা গ্রহণে গাঁজা, মাইক্রোবাস ও মাদক ব্যবসায়ীকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম