ব্রাক্ষণবাড়িয়া-৬ আসন
সাকিকে সমর্থন বিএনপির বিদ্রোহী প্রার্থীর
ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাক্ষণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে যুগপৎ আন্দোলনের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী ও সাবেক সংসদ-সদস্য আব্দুল খালেক।
শনিবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মিসভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
কর্মিসভায় বক্তব্যে আব্দুল খালেক বলেন, দলীয় সিদ্ধান্ত ও জোটগত সমন্বয়ের স্বার্থে তিনি এ আসনে আর প্রার্থী হিসাবে মাঠে থাকবেন না।
দলীয় সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আব্দুল খালেকের বৈঠক হয়। ওই বৈঠকে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। পরে দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি কর্মিসভায় এ ঘোষণা দেন।
কর্মিসভায় আব্দুল খালেক বলেন, দলের যেহেতু একজন মনোনীত প্রার্থী রয়েছে, সেহেতু আমাদের তার পক্ষেই কাজ করতে হবে। জোটগত সমন্বয়ের কারণে আমাদের কিছু ছাড় দিতে হয়েছে। দল জোনায়েদ সাকিকে মনোনীত করেছে।
তিনি আরও বলেন, দলের প্রধান যখন নির্দেশ দেন, তখন তা মানা আমাদের দায়িত্ব। দল আমাকে একবার সংসদ-সদস্য বানিয়েছে, সেই দলের জন্য এই ত্যাগ করা উচিত।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য কাজী দবির উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা জাসাসের আহ্বায়ক এমএ সালাম।
সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রাক্ষণবাড়িয়া-৬ আসনে বর্তমানে জোনায়েদ সাকিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
