আত্মগোপনে গেলেও শেষ রক্ষা হলো না নিষিদ্ধ সংগঠনের নেতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আত্মগোপনে গেলেও শেষ রক্ষা হলো না হত্যা মামলার আসামি নিষিদ্ধ সংগঠনের নেতা নাজমুল হুদা নয়নের। দীর্ঘদিন পলাতক থাকার পর গাজীপুরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গ্রেফতারকৃত মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা নয়নকে আদালতে পাঠানো হয়েছে।
নাজমুল হুদা নয়ন (২৮) শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় পাটুরিয়া ঘাট এলাকায় গুলিতে নিহত হন পার্শ্ববর্তী রূপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে যুবদল নেতা রফিকুল ইসলাম। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ১৮ আগস্ট শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে ২২ নাম্বার আসামি হিসেবে নাজমুল হুদা নয়নের নাম রয়েছে।
মামলা দায়েরের পর থেকেই নাজমুল হুদা নয়ন আত্মগোপনে চলে যান। রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন আইনের হাত এড়িয়ে চললেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, নাজমুল হুদা নয়নের বিরুদ্ধে শিবালয় থানায় হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। প্রতিটি মামলাই গুরুতর অভিযোগ সংশ্লিষ্ট।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী বলেন, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
