Logo
Logo
×

সারাদেশ

থানায় অভিযোগ করায় ম্রো সম্প্রদায়ের ওপর হামলা

Icon

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

থানায় অভিযোগ করায় ম্রো সম্প্রদায়ের ওপর হামলা

ফাইল ছবি

বান্দরবানের আলীকদম উপজেলায় ম্রো সম্প্রদায়ের বাগান থেকে ফসল চুরির অভিযোগকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ ম্রো আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে নয়াপাড়া ইউনিয়নের জানালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জানালীপাড়ার একটি কলাবাগান থেকে ফসল চুরির সময় নয়াপাড়া এলাকার বাসিন্দা জাফর আলমকে (৪৫) আটক করা হয়। পরে তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ঘটনার পর গ্রামবাসীরা থানায় লিখিত অভিযোগ দেন।

আহতদের মধ্যে আছেন- ডাংয়া ম্রো (৫২), অমর ত্রিপুরা (৫০), প্রেকিক্য ম্রো (২৭), অংসং ম্রো (৩০), কটঙং ম্রো (৫০), ঙানওয়াই ম্রো (২৭), লাংছিং ম্রো (৩০) ও মেনরু ম্রো (৪০)। সবাই জানালীপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা বলেন, জাফর আলম দীর্ঘদিন ধরে কলা, আনারস, হলুদসহ বিভিন্ন ফসল ও গৃহপালিত পশু চুরি করে আসছিলেন। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

চেয়ারম্যানের আশ্বাসে সন্ধ্যায় গ্রামবাসীরা থানায় গেলেও জাফর আলম সেখানে আসেননি। পরে ফেরার পথে নয়াপাড়া কবরস্থান এলাকায় জাফর আলমের নেতৃত্বে রোহিঙ্গা ও তার সাঙ্গোপাঙ্গসহ প্রায় ৪০ জনের একটি দল অটোরিকশায় থাকা গ্রামবাসীদের ওপর হামলা চালায়। এতে ১৮ জন আহত হন।

আহত প্রেকিক্য ম্রো ও ভানওয়াই ম্রো জানান, সকালে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশ থানায় ডেকে নিয়ে ফেরার পথে দ্বিতীয় দফা আবারও আমাদের হামলার করেন জাফর।

এ বিষয়ে জাফর আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, হামলায় গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আলীকদম থানার ওসি আলমগীর হোসেন শাহ জানান, একাধিক মামলার আসামি জাফর আলম দুই দিন আগে জামিনে বের হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম