একমঞ্চে বিএনপি-জামায়াতসহ সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থীরা
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনি ইশতেহার পাঠ করেছেন এবং নির্বাচনি আচরণবিধি মেনে চলার ঘোষণা দিয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জ বেলকুচি পৌর সদরের সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরিন জাহান।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইশতেহার পাঠ ও বক্তব্য দেন- বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলম, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি নুরুন নাবী, জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী কমরেড মতিয়ার হোসেন ও গণঅধিকার পরিষদের প্রার্থী ইউসুফ আলী।
প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা ভোটারদের সামনে নিজেদের অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। তারা প্রত্যেকেই বিজয়ী হলে মাদক ও চাঁদাবাজমুক্ত, স্বচ্ছ জবাবদিহি, নদী ভাঙনরোধ, গ্যাস সংযোগ এবং তাঁত শিল্পের উন্নয়ন গড়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বেলকুচি-কামারখন্দের দায়িত্বপাপ্ত সেনা কর্মকর্তা মেজর তওসিফ, বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম।
