‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচির ঘোষণা জামায়াত প্রার্থী মহসিনের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহসিন জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।
নিজের নির্বাচনি ইশতেহারে তিনি ঘোষণা দেন, নির্বাচিত হলে তিনি ‘এমপি সাহেব হিসাব দাও’ নামে একটি ব্যতিক্রমধর্মী ও জনমুখী কর্মসূচি চালু করবেন। এ কর্মসূচির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে সরাসরি জনগণের সামনে দাঁড়িয়ে এলাকার উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত হিসাব তুলে ধরবেন তিনি।
জামায়াত প্রার্থী মো. মহসিন বলেন, প্রতিটি ইউনিয়নে কত টাকা বরাদ্দ এসেছে, সেই অর্থে কী কী উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে, কোন কাজগুলো হয়নি এবং কেন হয়নি- এসব প্রশ্নের জবাব আমি জনগণের কাছেই দেব।
তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে আমি শুধু ক্ষমতার আসনে বসে থাকতে চাই না। জনগণের করের টাকা কোথায় ব্যয় হচ্ছে, কিভাবে ব্যয় হচ্ছে- সে বিষয়ে জনগণকে নিয়মিত জানানোই হবে আমার দায়িত্ব।
মো. মহসিন বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। তাই নির্বাচিত হলে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করাই হবে তার প্রধান লক্ষ্য।
