নাকের হাড় অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪০ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যশোরে নাকের বাঁকা হাড় অপারেশন শেষে রোগীকে বেডে নেওয়ার পর দুটি ইনজেকশন পুশ করেন নার্স। এর পরপরই তিনি ছটফট করতে করতে মারা যান। সোমবার রাতে যশোরের স্ক্যান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মারা যাওয়া রোগীর নাম আবুল হোসেন। তিনি ঝিনাইদহের মহেশপুরের ধান্যহাড়ীয়া গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। মারা যাওয়ার পর তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে তুলে আবুল হোসেনের লাশ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ সময় চিকিৎসকের করা প্রেসক্রিপশনসহ যাবতীয় কাগজপত্রাদি স্বজনদের কাছ থেকে নিয়ে নেয় হাসপাতাল কর্র্তৃপক্ষ।
আবুল হোসেনের স্ত্রী ফুলমতি বলেন, অপারেশন শেষে বেডে নেওয়ার পর আমার স্বামীর গলা দিয়ে রক্ত বের হচ্ছিল; সেইসঙ্গে বমি বমি ভাব হচ্ছিল। এ সময় নার্স এসে দুটি ইনজেকশন পুশ করেন। এর পরপরই অস্বাভাবিকভাবে ছটফট করতে শুরু করেন তার স্বামী। পরে অক্সিজেন দেওয়া হলে ১৫ মিনিটের মধ্যেই মারা যান তিনি।
স্ক্যান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিপু বলেন, আমার বাড়ি মহেশপুরে। আবুল হোসেন আমার পরিচিত। যশোর সদরের এক ডাক্তার তার অপারেশন করিয়েছেন। আবুল হোসেন হার্টফেইলে মারা গেছেন। তবে মৃত্যুটা অস্বাভাবিক। আমার পক্ষ থেকে আবুল হোসেনের পরিবারকে সাহায্য করা হবে।
