প্রচারণায় গিয়ে ধানের চারা রোপণ করলেন বিএনপি প্রার্থী
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচনী প্রচারণায় গিয়ে এবার কৃষকের ধানের চারা রোপণ করে দিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। বুধবার দুপুরের দিকে তিনি জমিতে নেমে কৃষকের ধান রোপণ করে দেন।
বুধবার দুপুরের দিকে বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় ধানের শীষে ভোট প্রার্থনা করতে গিয়ে দেখেন মাঠে ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক নুর নবী। তিনি কাদামাটিতে পা ডুবিয়ে কাজ করছেন। ঠিক তখনই বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম জুতা খুলে তিনিও নেমে পড়লেন জমিতে। রাজনীতির মঞ্চ ছেড়ে কয়েক মিনিটের জন্য হয়ে উঠলেন একজন সাধারণ কৃষক।
নুর নবীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের চারা রোপণ করেন আলীম। কাদায় ভেজা পা, হাতে চারা দৃশ্যটা ছিল মাঠের মানুষের কাছে একেবারেই ব্যতিক্রমী।
খেতে কাজ করতে করতে নুর নবী বললেন, জীবনে অনেক নির্বাচন দেখছি; কিন্তু কোনো এমপি প্রার্থীকে আমার সঙ্গে জমিতে নেমে ধান লাগাতে দেখি নাই। আজ আলীম ভাই আমার পাশে কাজ করলেন। মনে হলো, আমাদের কষ্টটা তিনি বুঝতে চান।
ধান রোপণ শেষে আমিরুল ইসলাম খান আলীম বলেন, বাংলাদেশের মাটি আর মানুষই আমার রাজনীতির মূলশক্তি। মাঠে না নামলে কৃষকের কষ্ট বোঝা যায় না।
তিনি বলেন, এ অঞ্চলের কৃষক যেন ন্যায্যমূল্য পায়, সেচ, সার ও বাজার ব্যবস্থাপনায় ভোগান্তি না থাকে এটাই আমার লক্ষ্য।
এ সময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
