|
ফলো করুন |
|
|---|---|
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামকে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে।
আগামী ২ ফেব্রুয়ারি বেলা ১২টায় প্রার্থী সশরীরে বা প্রতিনিধি উপস্থিত হয়ে লিখিত বক্তব্য/ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।
শনিবার ওই এলাকার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. শামীমা খাতুন এ আদেশ দেন।
কমিটির বেঞ্চ সহকারী আল মামুন এ তথ্য দিয়েছেন।
বগুড়া-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. শামীমা খাতুন নোটিশে উল্লেখ করেছেন, দাঁড়িপাল্লা মার্কার প্রধান নির্বাচনি এজেন্ট অ্যাডভোকেট শাহীন মিয়ার লিখিত অভিযোগ পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে অত্র নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সরেজমিন অনুসন্ধানকালে দৃষ্টিগোচর হয়, গত ২২ জানুয়ারি সোনাতলা উপজেলার বালুয়াহাট ইউনিয়নের বালুয়াহাট এলাকায় নির্বাচনি প্রচারণার সময় সাধারণ ভোটারদের খাবার পরিবেশন করেছেন। এছাড়া ২৩ জানুয়ারি সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের একটি মসজিদে মুসুল্লিদেরকে ধানের শীষ মার্কার সমর্থন চেয়ে প্রচারণা চালিয়েছেন। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৬ এর লঙ্ঘন।
এমতাবস্থায় উপরের কারণে আপনার (প্রার্থী) বিরুদ্ধে বিধিমালা লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না বা অপরাধ আমলে নিয়ে বিচারকাজ সম্পন্ন করা হবে না, তা ২ ফেব্রুয়ারি বেলা ১২টায় চেয়ারম্যানের কার্যালয় বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে ভবনে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য/ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো। ব্যর্থতায় আপনার (প্রার্থী) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার বিকালে বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম জানান, সোনাতলার বালুয়াহাটে মূলত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছিল। তিনি ওই অনুষ্ঠানের আয়োজন করেননি। ওই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। সারিয়াকান্দির মসজিদে নামাজের সময় উপস্থিত ছিলেন। এরপরও ভুলত্রুটির জন্য দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। এ ব্যাপারে তিনি যথা সময়ে অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে লিখিত জবাব দিবেন।
