Logo
Logo
×

সারাদেশ

নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে নারী সমাজ: দুলু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে নারী সমাজ: দুলু

নাটোর-২ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি সরকারের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী, অথচ জামায়াতের আমির নারীদের নিয়ে যে বক্তব্য রেখেছেন এটা অত্যন্ত দুঃখজনক। আজকে সারা দেশে নারী সমাজ ফুঁসে উঠেছে, বিক্ষুব্ধ হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। তাই দেশের নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া নারীদের সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। তারা স্বামী ও পরিবারের কাছে নির্যাতিত মেয়েদের চাকরি দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছিলেন। ছেলেদের পাশাপাশি মেয়েদের তারা সম্মানিত করেছিলেন। শিক্ষা ও কর্মস্থানের সুযোগ তৈরি করেছিলেন। তাদের যোগ্য সন্তান বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে আবার নারীদের সম্মানিত করার উদ্যোগ নিয়েছেন।

দুলু আরও বলেন, আওয়ামী লীগ সরকার ১৫ বছর দেশের ক্ষমতায় ছিল। তারা হত্যা-গুম-লুটপাট করে দেশকে অশান্ত করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিল। দিনের ভোট রাতে করত। কখনো আবার আমি আর ডামির নির্বাচন করতো। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবার সবাই সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। তাই আগামী ১২ তারিখ সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দিতে যেতে হবে। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করবে।

এসব সমাবেশে আরও বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম