নতুন কোনো ‘বিপদ’ যেন ঘাড়ে চেপে না বসে: ছাত্রদল সম্পাদক
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালী-৪ আসনের রাজনৈতিক প্রেক্ষাপটে ‘বহিরাগত’ প্রার্থীদের নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি ভোটারদের উদ্দেশে বলেছেন, বিগত দেড় দশকের দুঃশাসন থেকে মুক্তি পেলেও নতুন কোনো ‘বিপদ’ যেন ঘাড়ে চেপে না বসে, সেদিকে সজাগ থাকতে হবে।
রোববার বিকালে সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ধানের শীষের এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন নাছির তার বক্তব্যে বিদায়ী আওয়ামী লীগ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমালোচনা করে বলেন, গত ১৫ বছর কবিরহাট থেকে আসা একরাম চৌধুরী সুবর্ণচরের মানুষের ওপর ‘আপদ’ হিসেবে জেঁকে বসেছিলেন।
বর্তমানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইসহাক খন্দকারকে ইঙ্গিত করে তিনি বলেন, এক আপদ বিদায় হতে না হতেই আরেক বিপদ আমাদের সামনে হাজির হয়েছে। এই বহিরাগত বিপদের ফাঁদে পা দিলে আগামী ৫ বছর এ অঞ্চল উন্নয়ন বঞ্চিত হবে।
নির্বাচনি জনসভায় ছাত্রদল সম্পাদক সুবর্ণচরের স্থানীয় উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ধানের শীষ জয়ী হলে এবং তারেক রহমান দেশের দায়িত্ব নিলে এই এলাকায় বিদ্যুতের সাব-স্টেশন স্থাপন এবং সুবর্ণচরে একটি নতুন পৌরসভা গঠন করা হবে। এছাড়া দক্ষিণাঞ্চলের চরাঞ্চলের খাসজমি ভূমিহীনদের মাঝে সঠিক বণ্টনের নিশ্চয়তা এবং নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুর সঞ্চালনায় এ জনসভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী মো. শাহজাহান। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়াসহ স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।
