Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গুলিভর্তি পিস্তল-দেশীয় অস্ত্রসহ বিএনপির তিন নেতাকর্মী গ্রেফতার

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম

গুলিভর্তি পিস্তল-দেশীয় অস্ত্রসহ বিএনপির তিন নেতাকর্মী গ্রেফতার

Advertisement

বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।

মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি এলাকায় এ অভিযানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ তিন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

গ্রেফতার অস্ত্রধারী সন্ত্রাসীরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুস সালাম (৩০), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে বিএনপি কর্মী আবু বক্কর (২৮) ও শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রূপিহার গ্রামের আবু মুসার ছেলে বিএনপি কর্মী পারভেজ মোশারফ (২৫)। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তিনজনের দলীয় সম্পৃক্ততার কথা নিশ্চিত করেছেন।

বগুড়া সেনাবাহিনীর সূত্র জানায়, গোপনে খবর পেয়ে মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে শাজাহানপুর ক্যাম্পের সেনা সদস্যরা মঙ্গলবার বিকালে নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি গ্রামে অভিযান চালান। তারা সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দল নেতা আবদুস সালামকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তাকে নিয়ে বাড়িতে তল্লাশি করে একটি চায়নিজ পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৩৫টি বিভিন্ন ধরনের দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তিতে পরে সন্ত্রাসী আবু বক্কর ও পারভেজ মোশারফকে গ্রেফতার করা হয়েছে। পরে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন সন্ত্রাসীকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

বুধবার দুপুরে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, অস্ত্রসহ গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম