অবশেষে ২৪ লাখ টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন
Advertisement
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি উন্মোচন করেছে ডিবি পুলিশ।
তদন্তে শেষপর্যন্ত ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি পরিকল্পিত নাটক বলে প্রমাণিত হয়েছে।
টেকেরহাট ওই ব্যাংকের ডিএসআর সুশময় চক্রবর্তী নিজেই টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। তিনি রাজৈর উপজেলার সাহাপাড়া এলাকার মৃত সম্পদ চক্রবর্তীর ছেলে।
জানা যায়, গত ১৫ জানুয়ারি ব্যাংকের ডিএসআর সুশময় চক্রবর্তী তিনটি শাখা থেকে বিভিন্ন অংকে মোট ২৪ লাখ টাকা তুলে বাজিতপুর শাখায় নেওয়ার পথে উপজেলার কামালদী ব্রিজ এলাকায় পৌঁছলে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে গতিরোধ করে ওই ২৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ তুলে বিষয়টি প্রচার করেন। ঘটনার পরপরই পুলিশ টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরার জন্য তৎপর হয়ে ওঠে এবং ব্যাপক তদন্ত শুরু করে। একপর্যায়ে মামলাটি মাদারীপুর ডিবি পুলিশে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ডিবি পুলিশ ছিনতাইয়ের রহস্য উন্মোচন করে।
পুলিশ জানায়, বিভিন্নজনের নামে লোনের কিস্তির টাকা বিধিমোতাবেক আদায় করে ব্যাংকে জমা না দিয়ে নিজের প্রয়োজনে আত্মসাৎ বা খরচ করে ফেলেন। একপর্যায়ে একসঙ্গে লোভনীয় অংকের টাকা হাতে আসায় পরিকল্পিতভাবে ছিনতাইয়ের নাটক সাজিয়ে ওই টাকা আত্মসাৎ করে পূর্বে আদায় করা ঐসব লোনের আত্মসাৎকৃত কিস্তির টাকা পরিশোধ করে দেন ডিএসআর সুশময় চক্রবর্তী।
মাদারীপুর ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডিএসআর সুশময় চক্রবর্তী আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তাকে গ্রেফতার করা হয়েছে।
