গোয়ালঘরে হাজার লিটার পেট্রল ও অকটেন!
সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিনাখড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার সুজানগরে একটি গোয়ালঘর থেকে হাজার লিটার পেট্রল ও অকটেন উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়ায় খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সন্টু হোসেনের বাড়ি থেকে এ তেল উদ্ধার করা হয়।
পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিনাখড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করেন।
পরে স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে দোকানের পেছনে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাড়ির গোয়ালঘরে মজুদ করে রাখা প্রায় দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন খুঁজে পায় আভিযানিক দল।
মাহমুদ হাসান রনি জানান, উদ্ধারকৃত তেলগুলো তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ মজুদের অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, একই দিনে আতাইকুলা ও চিনাখড়াসহ মোট চারটি বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
