Logo
Logo
×
   

সারাদেশ

বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

Icon

‎‎শওকত আলী বাবু বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম

বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

বাগেরহাটের কচুয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে নাদিম শেখ (৩৩) নামে পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। ‎বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এই ঘটনা ঘটে।

পরোয়ানা ভুক্ত আসামি নাদিম শেখ উপজেলার খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে। ২০২৪ সালের একটি দস্যুতা মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। এছাড়াও এলাকায় মারধর, চাঁদাবাজি ও দখলসহ নানা অভিযোগ রয়েছে নাদিম শেখের বিরুদ্ধে। আহত পুলিশ সদস্যদের নাম রাজু খান। তিনি কচুয়া থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নাদীম শেখকে (৩৩) গ্রেফতার করতে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। পুলিশ নাদিমকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

আসামি নাদিমকে ছিনিয়ে নিতে সাগর পুলিশ কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। এই সুযোগে নাদীম ও সাগর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত কনস্টেবল রাজু খানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান বলেন, পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত নাদিমকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তার ভাই পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা করে। এতে পুলিশ সদস্য রাজু খান গুরুত্বর জখম হয়। অপরাধিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

২০২২ সালের ২০ মার্চ রাতে খলিশাখালীর পাশের গ্রাম সম্মানকাঠি গ্রামে সন্ত্রাসী হামলায় কচুয়া থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম গুরুত্বর আহত হয়েছিলেন। পটপরিবর্তনের পরে ২০২৫ সালের ১ এপ্রিল বাগেরহাটের কচুয়ায় গ্রেফতার আসামিকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতা-কর্মীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .