বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পর রাস্তায় মিলল কিশোরীর গলাকাটা লাশ
বাগেরহাট ও শরণখোলা প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ফাতেমা আক্তার রিয়া মনি (১৬) নামে এক কিশোরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার মধ্যে রাজৈর গ্রামের রাস্তার ওপর থেকে ফাতেমার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কারা, কী কারণে- ফাতেমাকে গলা কেটে হত্যা করেছে, তা জানা যায়নি।
গতকাল (সোমবার) বিকালে বাড়ি থেকে বের হয়ে কিশোরী রিয়া মনি নিখোঁজ ছিল।
নিহত ফাতেমা আক্তার রিয়া মনি শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের আজিম শেখের মেয়ে। ফাতেমার বাবা ও মা চট্টগ্রামে চাকরি করেন। সে তার নানির কাছে বসবাস করত।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, ফাতেমা আক্তার ওরফে রিয়া মনির মা বাবা চট্টগ্রামে চাকরি করার কারণে সে নানা বাড়িতে থাকত। সোমবার বিকালে রিয়া মনি তার ছেলে ও মেয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য নানা বাড়ি থেকে বের হয়। রাত হলেও সে বাড়িতে ফিরে না আসায় তার নানি হালিমা বেগম খুঁজতে শুরু করেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মধ্যে রাজৈর গ্রামের একটি রাস্তায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার করে।
তিনি জানান, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। থানা পুলিশ ছাড়াও সিআইডি ও পিবিআই কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
